কয়েক বছর ধরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়েছে ১২ দল নিয়ে। দল গোছাতে না পারায় প্রাইম দোলেশ্বর এবার লিগে অংশ নিচ্ছে না। ফলে ১৯৯১-৯২ মৌসুমের পর এবারই প্রথম ঢাকা লিগ অনুষ্ঠিত হচ্ছে ১১ দল নিয়ে। প্রাইম দোলেশ্বর লিগে অংশ না নেওয়াতে নিশ্চিতভাবেই তাদের অবনমন হচ্ছে। বাকি ১১ দল থেকে একটি ক্লাবের অবনমন হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন।
ঢাকা লিগের প্রথম দুই আসর ১০ দল নিয়ে অনুষ্ঠিত হয়েছিল। ১৯৯১-৯২ থেকে নিয়মিত ১২ দল লিগে অংশগ্রহণ করছে। এবার দল কমে যাওয়ায় সিসিডিএমের মেম্বার সেক্রেটারি আলী হোসেন বলেছেন, ‘প্রতি বছর দুইটি দল লিগ থেকে অবনমন হতো। দুইটি নতুন দল প্রথম বিভাগ থেকে উঠে আসত। এবারের লিগ যেহেতু ১১ দলের হচ্ছে, একটি দলের অবনমন হবে। প্রাইম দোলেশ্বর তো আগে থেকেই বাদ। তবে আগামী আসরে দুটি নতুন দলই আসবে প্রিমিয়ার লিগে।’
প্রথম বিভাগ ক্রিকেট লিগ থেকে এবার প্রিমিয়ারে উঠেছে সিটি ক্লাব ও রূপগঞ্জ ক্রিকেটার্স। সিটি ক্লাব লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। রূপগঞ্জ হয়েছিল রানার্সআপ।
আগামী সোমবার পর্দা উঠবে ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসরটির। উদ্বোধনী দিনে মাঠে নামবে আবাহনী ও রুপগঞ্জ টাইগার্স।









