যুব বিশ্বকাপ শুরু হওয়ার আগে গ্রুপ ‘এ’ তে সম্ভাব্য কোয়াইলিফায়ার ভাবা হচ্ছিল দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে। অথচ গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আইসিসি'র সহযোগী সদস্য নামিবিয়া। টানা দুই ম্যাচ হারে শেষ আটের লড়াই থেকে ছিটকে পড়লো প্রোটিয়ারা।
রবিবার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে প্রোটিয়াদের দুই উইকেটে পরাজিত করে নামিবিয়া। মঙ্গলবার কক্সবাজারে বাংলাদেশ ও নামিবিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে।
রবিবার আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন উইলিয়াম লোডিক। এছাড়া টনি ডু জর্জি ১৮ ও উইকেট কিপার ব্যাটসম্যান কাইল করেন ১৬ রান।
নামিবিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন মাইকেল ভ্যান ভিঙ্গেল। তিনি ১০ ওভার বল করে ২৪ রান খরচায় নিয়েছেন ৪টি উইকেট। এছাড়া ফিটস কর্টেজ ৩টি ও ওয়ারেন ভ্যান উইক এবং লথটার উইথটোন একটি করে উইকেট নিয়েছেন।
১৩৭ রানের টার্গেটে খেলতে নেমে নামিবিয়া ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। নামিবিয়ার জয়ে পুরো অবদান মিডল অর্ডার ব্যাটসম্যান লোহান লওয়ার্নসের। তিনি ৯৭ বলে ৯ চারে ৫৮ রানে অপরাজিত থাকেন।
প্রোটিয়া বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন জায়েদ আব্রাহামস ও শেন হোয়াইটহার্ড।
/আরআই/এমআর/








