আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিপক্ষ দলগুলোর ব্যাটিং-বোলিং লাইনআপকে একে একে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশের জুনিয়র টাইগাররা। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরু হয় মিরাজ-শান্তদের যুব বিশ্বকাপের মূল আসর। এর পর আইসিসির সহযোগী সদস্য স্কটল্যান্ড ও নামিবিয়াকে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ।
মঙ্গলবার গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে মিরাজবাহিনী গুঁড়িয়ে দিয়েছে নামিবিয়ার ব্যাটিং ও বোলিং লাইন-আপকে। ৮ উইকেটে বড় ব্যবধানের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শুক্রবার নেপালের বিপক্ষে প্রথম কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।
বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকার উদ্দেশ্যে বিমানে চাপার কথা যুব ক্রিকেটারদের। পুরো দিন বিশ্রাম নিয়ে বৃহস্পতিবার আবার অনুশীলনে ফিরবেন তারা। দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল জুনিয়র টাইগারদের। এদিন বিকেলে বৃহত্তম সমুদ্র সৈকতে সমুদ্র বিলাসে মেতেছিল পুরো দল। দলের পরামর্শক স্টুয়ার্ট ল সহ প্রধান কোচ মিজানুর রহমান বাবুল এবং অন্য কোচিং স্টাফ ও ক্রিকেটাররা উল্লাস করে দিনটি কাটিয়েছেন। ক্রিকেটারদের মধ্যে অনেকেই সমুদ্র সৈকতে গোসলও করেছেন।
ছবি: শাওন গাজীর ফেসবুক প্রোফাইল
/আরআই/এমআর/








