ব্যাটিংয়ে সেই পুরনো রোগ, সিডন্স তাহলে কী করছেন?

রবিউল ইসলাম
১৯ জুন ২০২২, ২৩:০০আপডেট : ১৯ জুন ২০২২, ২৩:০৫

বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্স বেশ কিছুদিন হলো খারাপ। বিশেষ করে, টপ অর্ডারের পারফরম্যান্স যাচ্ছেতাই। তাদের হতশ্রী ব্যাটিংয়ের কারণেই ভুগতে হচ্ছে গোটা দলকে। যার জলজ্যান্ত প্রমাণ অ্যান্টিগা টেস্ট। দুই ইনিংসে টপ অর্ডার ব্যর্থ হওয়াতে স্কোরবোর্ডে যথেষ্ট রান ওঠেনি। ফলে বোলাররা চেষ্টা করেও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেননি। গত কিছুদিন ধরে অফফর্মে থাকা ক্রিকেটারদের ব্যর্থতার মিছিল লম্বা হচ্ছে, কোনোভাবেই তারা ছন্দে ফিরতে পারছেন না। তাহলে মোটা অঙ্কের টাকায় নিয়োগ দেওয়া ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স আসলে করছেন কী- প্রশ্নটা ওঠা অস্বাভাবিক নয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় বাংলাদেশ আসেন ব্যাটিং কোচ সিডন্স। সাকিব-তামিম-মুশফিকদের ব্যাটিং বদলে দেওয়ার কারিগর দ্বিতীয় দফায় যোগ দিয়ে তেমন কিছুই করতে পারছেন না। সিডন্স দায়িত্ব নেওয়ার পর থেকেই মূলত অফফর্ম শুরু মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর। পাশাপাশি সিডন্স যোগ দেওয়ার এক সিরিজ আগে অভিষেক হয় মাহমুদুল হাসান জয়ের। এই তিন টপ অর্ডার ব্যাটারের সমস্যাগুলো নিয়ে কতখানি কাজ করেছেন সিডন্স, সেটি নিয়ে প্রশ্ন দানা বাঁধছে। পাশাপাশি পুরনো শিষ্য তামিম একই ভুল বারবার কেন করছেন, সেই প্রশ্নও এড়িয়ে যেতে পারবেন না সিডন্স।

২০২১ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই বাজে ফর্ম শুরু মুমিনুলের। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচেই কেবল ৮৮ রানের ইনিংস খেলেছিলেন। ৬, ০, ১, ৭, ৮৮, ১৩*, ০, ৩৭, ০, ২, ৬, ৫, ২, ৯, ০, ০, ৪- মুমিনুলের সর্বশেষ ১৭ ইনিংসের স্কোর। ব্যর্থতায় আষ্টেপৃষ্ঠে থাকা অধিনায়ক মুমিনুল ছিলেন প্রচণ্ড চাপে। চাপ থেকে বেরিয়ে রানে ফিরতেই মূলত অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও রান পেলেন না ‘পকেট ডায়নামো’ খ্যাত এই ব্যাটার। একবার ইনসাইড এজ, আরেকবার রান আউট- দুইবার জীবন পেয়ে মুমিনুলের রান ৪!

শান্তর অবস্থাও একই। মুমিনুলের সঙ্গে মাউন্ট মঙ্গানুইয়েতে ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে শান্ত খেলেছিলেন ৬৪ রানের ইনিংস। এরপর ১২ ইনিংস খেললেও তার ব্যাটে নেই কোনও হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেছেন ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এদিকে রানের মধ্যে থাকলেও তামিম বড় ইনিংস খেলতে পারছেন না। মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৩ রানের একটি ইনিংস থাকলেও গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে যাচ্ছেন এই ওপেনার। বিশেষ করে, তার অফ স্টাম্পের ইনসুইং বলগুলোতে সমস্যা হচ্ছে। তরুণ জয় প্রতিভা নিয়েই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। কিন্তু ছোট ক্যারিয়ারে শূন্যের রেকর্ড গড়ে ফেলেছেন! ১২ ইনিংসে পাঁচবার ‘ডাক’ মেরেছেন!

অ্যালেন ডোনাল্ডের ছোঁয়াতে বদলে গেছেন বাংলাদেশের পেসাররা। কিন্তু সিডন্স কি পেরেছেন মুমিনুল-শান্তদের ফর্মে ফেরাতে? বিদেশি কোচিং স্টাফদের পেছনে হাজার হাজার ডলার খরচ হচ্ছে, সেগুলোর কি তাহলে কোনও মূল্য নেই? প্রধান কোচ রাসেল ডমিঙ্গো কিংবা ব্যাটিং কোচ জেমি সিডন্সের দায়িত্বটা তাহলে কী? মুমিনুল-শান্তদের ধারাবাহিক ব্যর্থতার পুরো দায় অবশ্যই শুধু তাদের নিজেদের নয়, কিছুটা হলেও দায় নিতে হবে বিদেশি কোচিং স্টাফ, বিশেষ করে ব্যাটিং কোচ সিডন্সকে।

বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম অবশ্য এমনটাই মনে করেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘তাদের কাজ দেখে তো তাই মনে হচ্ছে। হুটহাট এক-দুটি ম্যাচে ব্যাটিং কলাপস করে, তাহলে মেনে নেওয়া যায়। কিন্তু যদি টানা ব্যর্থ হয়, তাহলে তো বোঝা যাচ্ছে কোচিং স্টাফ কিংবা ব্যাটিং কোচ পারছেন না। ধারাবাহিকভাবে টেস্টে আমাদের ব্যাটিং অর্ডার ভেঙে পড়ছে। যেহেতু ব্যাটারদের কোনও সাফল্য নেই, দায় তো তাদের নিতেই হবে।’

ফেব্রুয়ারিতে যুক্ত হওয়া সিডন্স টপ অর্ডার ব্যাটারদের সমস্যা সমাধান করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। লাল বলের ক্রিকেটে বাংলাদেশের ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় কারণ শুরুর ব্যাটারদের রান না পাওয়া। মিডল অর্ডার ব্যাটারদের সামান্য প্রতিরোধে ইনিংস কিছুটা মেরামত হলেও লড়াই করার মতো সংগ্রহ দাঁড়ায় না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজসহ গত ২৩ ইনিংসে টপ অর্ডার (এক থেকে তিন) রান করেছে মাত্র ৬৩৬। ব্যাটিং গড় ২৭.৬৫। আর মিডল অর্ডারে (চার থেকে সাত) ৩০ ইনিংসে রান ১ হাজার ৪৮। গড় মাত্র ৩৪.৯৩। শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিমের জোড়া ও লিটন দাসের এক সেঞ্চুরির পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবের জোড়া হাফসেঞ্চুরি বাদ দিলে মিডল অর্ডারের অবস্থাও করুণ। শুধু গত চার টেস্টের হিসাবেই নয়, গত এক বছরে টপ অর্ডার ও মিডল অর্ডারে অন্য দলগুলোর চেয়ে সবচেয়ে কম গড় বাংলাদেশের।

অথচ বিদেশি কোচিং স্টাফদের পেছনে কাড়ি কাড়ি অর্থ লগ্নি বাংলাদেশের। কিন্তু ফল? ‍উত্তরটা সবশেষ কয়েক সিরিজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে!

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম