ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ সুপার লিগের অন্তর্ভুক্ত নয়। ফলে পয়েন্ট নিয়ে ভাবতে হচ্ছে না। তার পরেও ক্যারিবীয়দের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ তে পকেটে পুড়েছে বাংলাদেশ। এখন শনিবার শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নিয়ম রক্ষার। এই সুযোগে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চাইছেন তামিম ইকবাল। প্রয়োজনে শেষ ম্যাচে বসে থাকতেও আপত্তি নেই ওয়ানডে অধিনায়কের।
বুধবার ৩১তম সিরিজ জয়ের পর তামিম বলেছেন, ‘আমার কাছে মনে হয় এখন সময় এসেছে বেঞ্চের শক্তি পরীক্ষার। সাধারণত যখন পয়েন্টের খেলা হয়, তখন সুযোগ থাকে না। কিন্তু এখন এরকম একটা সিরিজে যখন ২-০ তে জিতে যান, তখন যারা খেলেনি বা দীর্ঘদিন ধরে যাদের নিয়ে ঘুরছি, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এর জন্য যদি আমাকে এক ম্যাচ মিস করতে হয়, তবু ঠিক আছে।’
দুই ম্যাচের মধ্যে খুব বেশি পরিবর্তন হয়নি। তবে শনিবার শেষ ম্যাচে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রাখলেন ওয়ানডে অধিনায়ক, ‘এই জায়গায় যদি আমরা বেঞ্চের শক্তিগুলো না দেখি, তাহলে দেখবো কখন? কারণ, মূল একাদশের একজন যদি হঠাৎ করে ইনজুর্ড হয়ে যায়, তখন বেঞ্চ থেকে হঠাৎ করে এসে কেউ যদি খেলে, সেটা তার জন্য কষ্টদায়ক। তো পরবর্তী ম্যাচে হয়তো বা এরকম দেখতে পারেন যে অনেকেই যারা খেলেনি, তারা হয়তো বা খেলবে।’
তামিম মনে করেন ওয়ানডেতেই এমন পরীক্ষা-নিরীক্ষা করাটা ভীষণ গুরুত্বপূর্ণ, ‘বেঞ্চের শক্তি অবশ্যই আমাদের পর্যবেক্ষণ করা উচিত। এই একটা জিনিস আমরা বাংলাদেশ ক্রিকেটে খুব কম করি। আমরা অবশ্যই সব ম্যাচ জিততে চাই। তবে মাঝেমধ্যে এটা করা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে।’









