আগামী ২৭ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। এই সফরের জন্য শুক্রবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলা বেশিরভাগ ক্রিকেটারই আছেন জিম্বাবুয়ে সফরের দলে। তবে বিশ্রাম পেয়েছেন অভিজ্ঞ কয়েকজন।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে। হজ করতে যাওয়ায় মুশফিক ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও ছিলেন না। এবার খেলার আগ্রহ প্রকাশ করেও বিশ্রামের খাতায় নাম তুলতে হয়েছে অভিজ্ঞ ব্যাটারকে। অন্যদিকে মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়ে অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাকিব আগেই ছুটি নেওয়ায় এই সিরিজে তার নাম নেই।
এই সুযোগে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন হাসান মাহমুদ। ইনজুরির কারণে এই পেসার অনেক দিন মাঠের বাইরে ছিলেন। এছাড়া এখনও অভিষেক না হওয়া যুব বিশ্বকাপজয়ী দলের ব্যাটার পারভেজ হোসেন ইমন ডাক পেয়েছেন টি-টোয়েন্টি দলে।
শুক্রবার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে বৈঠকে বসেন ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস। এ সময় তার সঙ্গে ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক আব্দুর রাজ্জাক। সভা শেষে অধিনায়ক হিসেবে সোহানের নাম ঘোষণা করেন জালাল ইউনুস। জিম্বাবুয়ে সিরিজের দল নিয়ে তিনি বলেছেন, ‘মাহমুদউল্লাহর সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার একটা নতুন দল জিম্বাবুয়েতে পাঠাতে চাচ্ছি। এরমধ্যে কিছু সিনিয়র খেলোয়াড়ও থাকছে না। আসলে দেখার জন্য তরুণদের পাঠানো হচ্ছে।’
সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ৩০ জুলাই হবে প্রথম টি-টোয়েন্টি। পরদিনই দ্বিতীয় ম্যাচ খেলবে দুই দল। একদিন বিরতির পর ২ আগস্ট তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে। কুড়ি ওভারের সিরিজ শেষে ৫, ৭ ও ১০ আগস্ট হবে তিনটি ওয়ানডে। এবারের সফরের সব ম্যাচই হবে হারারেতে।
বাংলাদেশ-জিম্বাবুয়ের ৫০ ওভারের সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। দ্বিপাক্ষিক সিরিজ হিসেবেই মাঠে নামবে দুই দল। বাংলাদেশ দল ২০২১ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল। সেবার টেস্ট ও ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজ জিততে পারে ২-১ ব্যবধানে।
এদিকে, টি-টোয়েন্টিতে বেশ কিছু চমক থাকলেও ওয়ানডেতে খুব বেশি পরিবর্তন হয়নি। টি-টোয়েন্টির মতো অনেক দিন পর ওয়ানডেতে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। এছাড়া জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে বিশ্রাম পেলেও মুশফিক ফিরেছেন ওয়ানডে দলে। অন্যদিকে এই ফরম্যাটে রয়েছেন অধিনায়কত্ব হারানো মাহমুদউল্লাহও। এছাড়া ক্যারিবীয় সফরে ওয়ানডেতে সুযোগ না পাওয়া এনামুল হক বিজয়কেও রাখা হয়েছে।
জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দল: এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাসুম আহমেদ।








