দল ঘোষণার শেষ তারিখ ছিল ৮ আগস্ট। তবে শ্রীলঙ্কা নির্ধারিত সময়ের ১২ দিন পর এশিয়া কাপের দল ঘোষণা করেছে। আজ (শনিবার) দাসুন শানাকাকে অধিনায়ক করে শক্তিশালী দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যে স্কোয়াড দিয়ে টি-টোয়েন্টিতে ফিরেছেন দিনেশ চান্ডিমাল।
এশিয়া কাপের বাকি দলগুলোর স্কোয়াড ১৫ থেকো ১৭ সদস্যের। তবে শ্রীলঙ্কা ঘোষণা করেছে ২০ জনের স্কোয়াড। মূলত শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে দল ঘোষণা করতে বিলম্ব হয়েছে। লঙ্কান ক্রিকেট বোর্ড দল চূড়ান্ত করলেও সেটি অনুমোদন পেতেই এতটা দেরি। অনেক কিছু ‘ম্যানেজ’ করেই শ্রীলঙ্কাকে দল ঘোষণা করতে হয়েছে।
ঘোষণায় বিলম্ব হলেও স্বাগতিকরা শক্তিশালী দলই গঠন করেছে। ২০ জনের দলে সুযোগ পেয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও চান্ডিমাল। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও ভারত সফরের দলে ছিলেন চান্ডিমাল। তবে সাবেক লঙ্কান অধিনায়ক বাদ পড়েন ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে। এবার এশিয়া কাপ দিয়ে আবারও কুড়ি ওভারের ক্রিকেটে ফিরলেন তিনি।
দুই পেসার বিনুরা ফার্নান্ডো ও কাসুন রাজিথাকে এই দলে বিবেচনা করা হয়েছিল। কিন্তু চোটের কারণে তারা ছিটকে গেছেন। এখন তাদের জায়গায় ‘বদলি’ হিসেবে নেওয়া হয়েছে আসিথা ফার্নান্ডো ও প্রমোদ মাদুশানকে। তবে তারা এশিয়া কাপের স্কোয়াডে থাকবে কিনা, সেটা নির্ভর করছে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর। ইতিমধ্যে অনুমোদনের জন্য তাদের নাম ক্রীড়ামন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে ২৭ আগস্ট। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে বাছাই পর্ব পেরোনো একটি দল।
দুই ভেন্যু শারজা ও দুবাইতে পুরো টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ হবে। প্রথম পর্ব শেষে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপরা উঠবে সুপার ফোরে। ৩ সেপ্টেম্বর শুরু সুপার ফোর, চার দল খেলবে লিগ পদ্ধতিতে। সুপার ফোরের শীর্ষ দুটি দল ১১ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এশিয়া কাপে শ্রীলঙ্কা দল: দাসুন শানাকা (অধিনায়ক), দানুস্কা গুনাথিলাকা, পাথুম নিসানকা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), চারিথ আসালঙ্কা, জেফরি ভ্যান্ডারসে, চামিকা করুণারত্নে, দিলশান মধুশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকশে, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, প্রবীণ জয়াবিক্রমা, দুষ্মন্থ চামিরা, নুয়ানিদু ফার্নান্ডো, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, দিনেশ চান্ডিমাল (উইকেটকিপার), আসিথা ফার্নান্ডো ও প্রমোদ মাদুশান (শেষের দুজন ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে)।








