সেমিকে ঘিরে আবেগ নিয়ন্ত্রণ করছেন জুনিয়র টাইগাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৩৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১২

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দশটি আসর খেলেছে বাংলাদেশ। কিন্তু সর্বোচ্চ সাফল্য এবারের আসরেই। বৃহস্পতিবার তারা সেমিফাইনালে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। ক্রিকেট ইতিহাসে এমন মাইলফলকে পৌঁছেও আবেগকে নিয়ন্ত্রণ করছেন বাংলাদেশের জুনিয়র টাইগাররা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সহজ-সরল স্বীকারোক্তি হচ্ছে রোমাঞ্চ-চাপ-আনন্দ এগুলো নিয়ন্ত্রণ করা জরুরি। অল্পতেই খুশি কিংবা রোমাঞ্চিত হলে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকে।
বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সেখানে নিজেদের চিন্তা ভাবনা নিয়ে কথা বলেন তরুণ এই অলরাউন্ডার। প্রথম বারের মতো সেমিফাইনাল খেলছেন; রোমাঞ্চ, চাপ বেশি নাকি খুশি? এমন প্রশ্নে গুরু গম্ভীর উত্তর দিলেন তরুণ এই অধিনায়ক।

তিনি বলেন, ‘এগুলোর কোনওটাই আসলে বেশি না। কারণ আমরা যদি এখানে বেশি খুশি হয়ে যাই তাহলে এখানেই (সেমিফাইনাল) শেষ করতে হবে। আমরা কিন্তু খুশি নই। আমাদের লক্ষ্য একটি একটি করে ম্যাচ। টুর্নামেন্টের শুরু থেকেই বাবুল স্যার বলে আসছেন, আমরা প্রতিদিন একটা করে ম্যাচ খেলবো আর একটি করে জিতবো। সবাই দেখছে এখন আমরা সেমিফাইনালে। কিন্তু আমরা কেউই ভাবছি না, আমরা সেমিফাইনাল খেলছি। এইসব আমাদের মাথার ভেতর কাজ করছে না। আমার চিন্তা কালকে একটা ম্যাচ হবে; ওটা আমাদের জিততে হবে। তারপরও সামনে যা হবে; সেখানে কোনও সমস্যা দেখছি না!’

রোমাঞ্চ ও আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি বলে মনে করেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যদি রোমাঞ্চিত এবং আবেগী হয়ে যাই তাহলে ম্যাচ জেতা কঠিন হয়ে যাবে। ক্রিকেট এমন একটি খেলা, যেখানে নিজস্ব কিছু পরিকল্পনা থাকে, সেগুলো ঠিক রাখা জরুরি। কেউ যদি পরিকল্পনা থেকে বের হয়ে যায়; তাহলে সফল হওয়া সম্ভব না। বেশি রোমাঞ্চ অনুভব করলে তখন চাপ কাজ করবে। তখন স্বাভাবিক খেলা সম্ভব হবে না। সত্যি কথা বলতে সেমিফাইনাল খেলা আমরা মাথায় নিচ্ছি না। আমার কাছে একটি জিনিষই মনে হচ্ছে কালকে একটি ম্যাচ, যেটা জিততে হবে। ম্যাচটি জেতার জন্য আমাদের যা যা করা উচিত সব কিছুই করতে হবে। সেমিফাইনাল-দর্শক-চাপ এগুলো আমাদের মাথায় কাজ করছে না। একটাই চিন্তা কালকের (বৃহস্পতিবার) ম্যাচে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’

 পরিবার কিংবা দর্শকদের থেকে কতটুকু চাপ অনুভব করছেন এমন প্রশ্নে মিরাজ বলেন, ‘যখন আমি ক্রিকেট মাঠে নামি তখন আসলে আমার পরিবার, দর্শকদের কথাও চিন্তা করি না। বাইরের কোনও চিন্তাও মাথায় ঢুকে না। তখন একটি মাত্র চিন্তা থাকে, যেই বলটা আসছে সেটা কিভাবে ভালো খেলবো। কিভাবে রান করবো। কিভাবে উইকেট নেবো।’

নিজের পরিবার থেকে কোনও রকম চাপ আছে কিনা জানতে চাইলে মিরাজ বলেন, ‘আমার পরিবার সেভাবে খেলা বুঝে না। তারা শুধু দেখে আমি রান করেছি নাকি উইকেট পাচ্ছি। এগুলো পেলেই তারা চিন্তা করে ভালো খেলেছি।’

তিনি আরও যোগ করেন, ‘অবশ্যই সবার পরিবার চায় ভালো কিছু হোক। আমাদের সঙ্গে পরিবারের যোগাযোগ খুব কম হচ্ছে। আমরা তাদের সঙ্গে অল্প কিছুক্ষণ কথা বলি। কারণ আমাদের এখন ক্রিকেট নিয়ে ফোকাস থাকতে হয়। আমাদের সামনে দুটি ম্যাচ আছে, পুরো মনোযোগ সেদিকেই। বাবা-মা একটা কথাই বলেন,তোমাদের সাধ্যমতো চেষ্টা করো, খারাপ হলে মন খারাপ করো না।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম