একদিন আগে সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে ক্যারিবিয়ানরা। এবার তাদের সামনে আরেক অপরাজিত দল ভারত। এই টুর্নামেন্টে এখনও হারেনি তিনবারের চ্যাম্পিয়নরা। শনিবার সংবাদ সম্মেলনে এমন তথ্য জানার পর এইসব নিয়ে ভাবনা নেই বলে জানান ওয়েস্ট ইন্ডিজ যুব দলের অধিনায়ক শিমরন হেটমেয়ার।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত ভালো দল। তারা এখনও অপরাজিত। কিন্তু এক দিন আগে আমরা বাংলাদেশের সঙ্গে খেলেছি এবং তাদেরকে হারিয়েছি। তারাও অপরাজিত ছিল। আসলে কে হেরেছে বা জিতেছে সেটা বড় কথা নয়। আমরা মাঠে নামবো এবং নিজেদের সেরা ক্রিকেট খেলবো এটাই একমাত্র চিন্তা। আশা করছি আমরা সবার উপরে উঠতে পারবো।’
ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ ফাইনাল খেলেছিল ২০০৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে। সেবার অবশ্য পাকিস্তানের কাছে হেরে শিরোপা স্বপ্ন খুইয়েছিল তারা। এক যুগ পরে আবার ফাইনালে খেলতে পেরে উচ্ছ্বসিত হেটমেয়ার। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য দারুণ ব্যাপার। অনুভূতিটাও খুব ভালো। গত দীর্ঘ সময়ে আমরা এতো দূর আসতে পারিনি। ফাইনালের একটি দল হওয়া বিরাট ব্যাপার। গত বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত আমরা অনেক দূর এগিয়েছি। এতো দিনে আমরা একটি ভালো দল হয়ে উঠেছি।’
এই টুর্নামেন্টে অধিনায়কত্ব করার সুযোগে শেখার অনেক কিছু পাচ্ছেন বলে তিনি জানান। এ প্রসঙ্গে বলেন, ‘আমি বড় কোনও টুর্নামেন্টে অধিনায়কত্ব করিনি। এটা আমার জন্য শেখার সুযোগ। উপমহাদেশে অনেক কিছু শিখেছি। বাংলাদেশে খেলেছি এবং শিখেছি। ইংল্যান্ডসহ আরও অন্যান্য দেশেও আমরা খেলেছি।’
/আরআই/এফআইআর/








