বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজ শুরুর আগে দুই দলে ইনজুরির মিছিল। যা বাংলাদেশের চেয়ে অনেক বেশি লম্বা ভারতেরই। ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পাওয়া রোহিত চট্টগ্রাম টেস্ট থেকে আগেই ছিটকে গেছেন। খেলা হচ্ছে না মোহাম্মদ সামি ও রবীন্দ্র জাদেজারও। পিঠের ইনজুরিতে নতুন করে সেই তালিকায় যুক্ত হয়েছে বিরাট কোহলির নাম! যদিও সাবেক অধিনায়কের ইনজুরি নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।
কোহলি ২০১৮ সালে ইংলিশ কাউন্টি লিগ খেলতে যাওয়ার আগে প্রথমবার পিঠের ইনজুরিতে পড়েন। এরপর চলতি বছর জানুয়ারিতে পুরনো এই ইনজুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। বুধবার চট্টগ্রাম টেস্টের আগে ফের মাথা চাড়া দিয়ে উঠেছে পুরনো ইনজুরি। এদিন অনুশীলনে অস্বস্তি নিয়ে ব্যাটিং করতে দেখা গেছে তাকে।
কয়েক দফা পিঠে ম্যাসাজও করাতে হয়েছে। তবে ভালো অনুভব না করায় বেশিক্ষণ ব্যাটিং করেননি। আনুষ্ঠানিকভাবে বিসিসিআইয়ের পক্ষ কিছু জানা না গেলেও কোহলির যা অবস্থা, তাতে করে চট্টগ্রাম টেস্টে তার মাঠে নামা বেশ কঠিনই!
ইনজুরির কারণে এরই মধ্যে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে যাওয়া রোহিতের বদলে ডাক পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। বাংলাদেশ ‘এ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলেছিলেন তিনি। চট্টগ্রামে গত দুই দিন দলের সঙ্গে অনুশীলনও করেছেন। সামি ও জাদেজার পরিবর্তে টেস্ট দলে জায়গা পেয়েছেন নবদীপ সইনি ও সৌরভ কুমার। এছাড়া দলের সঙ্গে যোগ দিয়েছেন বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটও।
রোহিত না থাকায় চট্টগ্রাম টেস্টে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লোকেশ রাহুলকে। টেস্টে রাহুলের ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছে চেতেশ্বর পূজারাকে। রোহিত ঢাকা টেস্টে ফিরলে ভারত তার নেতৃত্বেই মাঠে নামবে।
বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হওয়াতে সিরিজটি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর।









