কিশোরী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নেপালের সবচেয়ে প্রতিষ্ঠিত ক্রিকেটার সন্দীপ লামিচানে। ওই মামলায় বর্তমানে তিনি জামিনে মুক্ত হয়ে ত্রিদেশীয় সিরিজের একাদশেও স্থান পেয়েছেন। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি নেপালের স্থানীয় জনগণের একাংশ।
মঙ্গলবার নামিবিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলছে নেপাল। ম্যাচটা হচ্ছে তাদের ঘরের মাঠেই। নিষেধাজ্ঞা উঠিয়ে লামিচানেকে খেলতে দেওয়ায় কাঠমাণ্ডুতে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি সিরিজটি বয়কটের ডাক দিয়েছে সেখানকার স্থানীয় জনগণের একটি অংশ।
শুধু যে স্থানীয় জনগণই নেপালের ক্রিকেট সংস্থার এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি এমন নয়। তারা সমালোচিত হচ্ছে সিরিজে অংশ নেওয়া নামিবিয়া ও স্কটল্যান্ডের তরফ থেকেও। তারা এই বিষয়ে বিবৃতি জারি করেছে। ক্রিকেট স্কটল্যান্ড লামিচানের একাদশে স্থান পাওয়া নিয়ে প্রশ্ন না তুললেও তার কৃতকর্মের সমালোচনা করেছে। সেখানে বলেছে, ‘ক্রিকেট স্কটল্যান্ড যে কোনও ধরনের সহিংসতার বিরুদ্ধে। আধুনিক সমাজে যার কোনও স্থান নেই।’
নামিবিয়াও জানিয়েছে, তারা যে কোনও ধরনের লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে।
১৭ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হলে গত ৭ সেপ্টেম্বর লামিচানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কাঠমান্ডু ডিস্ট্রিক্ট কোর্ট। এর পরই তাকে নেপালের ক্রিকেট সংস্থা সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল। এই বছরের জানুয়ারিতে তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় প্রায় ১৫ হাজার ৩০০ মার্কিন ডলারের বিনিময়ে। তবে চূড়ান্ত রায়ের আগে তার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়। এই মাসের শুরুর দিকে সিরিজকে সামনে রেখে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় নেপালের ক্রিকেট বোর্ড (সিএএন)।








