২১ রানে পড়ে যায় ইংল্যান্ডের ৩ উইকেট। ওয়েলিংটনে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের কর্তৃত্ব ছিল ওই টুকুই! তার পর প্রথম দিনের পুরোটা সময় ছিল ইংলিশ দুই ব্যাটার জো রুট ও হ্যারি ব্রুকের রাজত্ব। দুই ব্যাটারের সেঞ্চুরি ও অবিচ্ছিন্ন জুটিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা হয়ে গেছে ইংলিশদের। বৃষ্টিতে প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৩১৫।
সবুজ পিচে টস জিতে সফরকারীদের ব্যাট করতে পাঠায় স্বাগতিক দল। প্রাথমিক অবস্থায় নিউজিল্যান্ডের সিদ্ধান্ত সঠিক বলে মনেও হচ্ছিল। মাত্র ২১ রানে সাজঘরে ফেরেন তিন ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলি, বেন ডাকেট ও ওলি পোপ! শুরুর ধাক্কা সামাল দিতে পরে জো রুট-ব্রুকের প্রতিরোধই কাজে দিয়েছে। তাদের ২৯৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ইনিংসের নিয়ন্ত্রণ নিতে পেরেছে ইংল্যান্ড। মাত্র ৬ টেস্ট খেলা ব্রুক তুলে নিয়েছেন চতুর্থ সেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির কাছেও আছেন। ১৬৯ বলে ২৪ চার ও ৫ ছক্কায় তিনি ১৮৪ রান অপরাজিত। তাতে ক্যারিয়ারের নবম ইনিংসে আটশো রানের মাইলফলক ছাড়িয়েছেন।
দু’বার জীবন পাওয়া রুট তো সেঞ্চুরি তুলে নেন দিনের শেষ বলে। ২৮তম শতক তুলে নিয়ে ১০১ রানে অপরাজিত আছেন। খেলেছেন ১৮২ বল।









