ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে কাল বুধবার। তার আগে ক্রিকেট পাড়ায় সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্ক নিয়ে ইস্যু তৈরি হয়েছে। বোর্ড প্রধান নাজমুল হাসান তিনদিন আগে সাকিব-তামিমের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক একটি মিডিয়াতে তথ্য বোমা ফাটিয়েছেন। তার পর সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেছেন ওয়ানডে অধিনায়ক তামিম। দেশসেরা এই ওপেনারের কথার প্রেক্ষিতে সোমবার রাতে একই ইস্যু নিয়ে কথা বলতে হয়েছে বোর্ড প্রধানকেও। মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেছেন, প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। বিষয়টি নিয়ে লঙ্কান কোচ অনেকটা তামিমের সুরেই কথা বলেছেন!
হাথুরুসিংহের মতে খেলোয়াড়দের মধ্যে সম্পর্কের দূরত্ব খুব স্বাভাবিক ঘটনা। তিনি মনে করেন, খেলার মাঠে ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রয়োজন নেই, ‘সাত দিন হলো আমি কাজে এসেছি। আমি এমনও সব দলে ও ড্রেসিংরুমে ছিলাম যেখানে সবার মিল নেই। তারপরও যখন দরকার হয় তারা দল হিসেবে খেলে। জাতীয় দলের হয়ে খেলবে এটাই আপনি প্রত্যাশা করবেন। এখানে ডিনার করার জন্য আপনার ঘনিষ্ঠ বন্ধু দরকার নেই। যতক্ষণ না পর্যন্ত কোন প্রভাব না পড়ে আমি কোন সমস্যা দেখি না।’
একই সুরে দুই দিন আগে ওয়ানডে অধিনায়ক তামিম বলেছেন, ড্রেসিংরুমে তাদের (সাকিব-তামিম) সম্পর্ক কোনও প্রভাব ফেলছে না, ‘আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমি-সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পরে মাঠে নামি, তখন আমি আমার সেরাটা দেই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি তখন যেকোনও পরামর্শ চাই। সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে তখন তার কোনও পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই। ’
একদিন বাদেই ম্যাচ অথচ ইংলিশদের বিপক্ষে ম্যাচের আগে মাঠের বাইরের ব্যাপার নিয়ে আলোচনা মোটেও সুখকর নয়। হাথুরুসিংহেও বলেছেন, ‘আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার নেই। এটা কি সিরিজ সম্পর্কিত কিছু? এটা কোনো কিছুর জন্যই আদর্শ সময় না। এখন আদর্শ সময় হচ্ছে সিরিজের ব্যাপারে প্রশ্ন করা।’
হাথুরুসিংহে মনে করেন, তার দল ঠিকঠাক মতোই প্রস্তুত হচ্ছে, ‘আপনি যখন আপনার জাতীয় দলের হয়ে খেলবেন, সব সময় ভালো করতে চাইবেন। এটা নিয়ে কোন সংশয় নেই। আপনি যখন বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে নামবেন, তখন নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ পাবেন। বুঝতে পারবেন কোন ঘাটতিটা পূরণ করতে হবে।’









