১৯টি টি-টোয়েন্টিতে মিরাজের পারফরম্যান্সে তেমন কিছু ছিল না। আরব আমিরাতের বিপক্ষে এক ম্যাচে ৩ উইকেট নেওয়া বাদে বাকি ১৮ ম্যাচে উইকেট ছিল ৫টি। সেখানে ইংলিশদের বিপক্ষে এক ম্যাচেই নিলেন ক্যারিয়ার সেরা ৪ উইকেট! টি-টোয়েন্টির হতশ্রী পারফরম্যান্সেই চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন না। রবিবার মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শামীম হোসেনের বদলে মাঠে নেমেছিলেন। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন অফস্পিনিং এই অলরাউন্ডার। তার অলরাউন্ড নৈপুণ্যেই মূলত এক ম্যাচ হাতে রেখে ইংলিশদের বিপক্ষে সিরিজ জেতা গেছে।
মিরপুরের হোম অব ক্রিকেটে মিরাজের ঘূর্ণিতে ১১৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। ক্যারিয়ারে যেখান ১৯ ম্যাচে মিরাজের উইকেট সংখ্যা ছিল ৮টি। সেই মিরাজ এক ম্যাচেই ৪ উইকেট নেওয়ায় ২০ ম্যাচে উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১২। দারুণ বোলিংয়ের পর ব্যাটিংয়েও আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। তার ১৬ বলে ২০ রানের ইনিংসের ওপর দাঁড়িয়ে শান্ত-তাসকিনরা শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পেরেছেন।
তাতে ব্যাট-বলে দারুণ ইনিংস খেলে ম্যাচ সেরাও হয়েছেন মিরাজ। আস্থার প্রতিদান দিতে পেরে দারুণ তৃপ্ত এই অফস্পিনার, ‘টিম ম্যানেজমেন্ট আমার ওপরে ভরসা করে এই ম্যাচে খেলিয়েছে। মনে করেছে, এই ম্যাচে খেললে দলকে কিছু একটা দিতে পারবো; বিশেষ করে এই উইকেটে। তারা যে আমাকে বিশ্বাস করেছিল, সেটার প্রতিদান দিতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে।’
প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেই ইংলিশ সিংহদের হারিয়েছে বাংলাদেশ। এমন জয়ে দারুণ উচ্ছ্বসিত মিরাজ বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, এই প্রথম ইংল্যান্ডের সঙ্গে সিরিজ জিতেছি, তাও টি-টোয়েন্টি। ওরা তো বিশ্বচ্যাম্পিয়ন দল। বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়ে নিজেদের কাছে খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, ওদের সঙ্গে খুব বেশি খেলা হয় না। এটাই প্রথম টি-টোয়েন্টি সিরিজ ছিল। আমাদের জন্য অনেক বড় পাওয়া, যেহেতু সিরিজটা জিতেছি।’
রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি কিছুটা ট্রিকি উইকেটে খেলা হয়েছে। এই উইকেটে শটস খেলা বেশ কঠিন। ইংল্যান্ডের ব্যাটাররা শটস খেলতে গিয়েই আউট হয়েছেন। উইকেটের সুবিধা কাজে লাগিয়ে সাফল্য পেয়েছে বাংলাদেশ। মিরাজও স্বীকার করে নিয়েছেন তা, ‘অবশ্যই মিরপুরে খেললে আমরা সুবিধা পাই। এখানে যে কন্ডিশন থাকে, স্পিনাররা একটু সহায়তা পাই। যেহেতু আমি স্পিন বোলার, সেই সুবিধাটা নেওয়ার চেষ্টা করি। সেটাই হয়তো কাজে লাগে।’
গত দুই বছর ধরে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে টি-টোয়েন্টি দল। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সেখান থেকে আরও বদল আনা হয় সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে দুই ম্যাচ জেতার পরও রদ-বদল হয়েছে। স্কোয়াডের ৫ ক্রিকেটার বাদ দিয়ে বিপিএলের পারফরমারদের নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদের দিয়েই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজে বাজিমাত করেছে সাকিব আল হাসানের দল।
মূলত তরুণ ক্রিকেটারদের ইতিবাচক মানসিকতার কারণে এমন জয় এসেছে বলে মনে করেন ম্যাচসেরার পুরস্কার জেতা মিরাজ, ‘এখন যে খেলোয়াড়রা আছে, তারা সবাই ইতিবাচকভাবে খেলছে। টি-টোয়েন্টিতে চিন্তা করার কিছু নেই, আমি কীভাবে খেলবো, ধরে খেলবো নাকি- এরকম না। এখানে প্রতিটা বলেই ঝুঁকি ও সাহস নিয়ে খেলতে হয়। আমাদের খেলোয়াড়রা সবাই মানসিকতা পরিবর্তন করেছে। এছাড়া দলে কয়েকজন নবীন ক্রিকেটার এসেছেন। তারাও ভালো ক্রিকেট খেলছেন। বিশেষ করে তৌহিদ হৃদয়, ওকে দেখে মনে হয় না যে ওর অভিষেক হয়েছে।’
নাজমুল হোসেন শান্তকে নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। সেই শান্তই দারুণ ক্রিকেট খেলছেন। ওয়ানডেতে ৩ ম্যাচে ১১১ রানের পর তিন ম্যাচের দুই টি-টোয়েন্টিতেও তার ব্যাট হেসেছে। ৯৭ রান করে সিরিজের টপ স্কোরার তিনি। শান্তর প্রশংসা করতে গিয়ে মিরাজ বলেছেন, ‘শান্তকে দেখেন, তাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছি, সবাই অনেক বাজে মন্তব্যও করেছে। ও (শান্ত) কিন্তু এখন ভালো ক্রিকেট খেলছে। ঘুরে দাঁড়িয়েছে এবং নিজেকে মানসিকভাবে শক্ত করেছে। এখন আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে ভালো খেলছে অনেক দিন ধরেই। বিশ্বকাপে ভালো খেলেছে, বিপিএলে সর্বোচ্চ রান করেছে, এই সিরিজেও ভালো খেলেছে। এই ছোট ছোট পরিবর্তনগুলো দলকে অনেক বড় সহায়তা করছে।’
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আত্মবিশ্বাস সামনে ভালো খেলতে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি, ‘অবশ্যই আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো। আপনি দেখেন আমরা কিন্তু অবশ্যই জেতার জন্য নামি। জেতার আগে কিছু প্রসেস আছে, সেটা অনুসরণ করতে হয়। আমরা যদি প্রসেস থেকে বেরিয়ে যাই তাহলে কখনও জিততে পারবো না। যেভাবে চলছি, রুটিন আছে; আমরা ওইভাবেই চেষ্টা করবো। তারপর খেলাশেষে রেজাল্ট নিয়ে চিন্তা করবো। আমরা কখনো আগে থেকে ফল নিয়ে চিন্তা করি না। চিন্তা করি কীভাবে খেলবো, কীভাবে প্ল্যানিং করবো, কীভাবে ভালো ক্রিকেট খেলা যায়। রেজাল্ট আসবে দিনশেষে।’







