আইপিএলে এবারই প্রথম খেলার সুযোগ হয়েছে লিটন দাসের। নিলামে তাকে ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলার সুযোগ পেয়ে এই মারকুটে ওপেনার দারুণ রোমাঞ্চিত। যদিও কলকাতা নাইট রাইডার্স একাদশে লিটনের সুযোগের সম্ভাবনা বেশ ক্ষীণই বলা চলে। তবু ডানহাতি এই ব্যাটার আইপিএলের মতো এমন একটি ইভেন্টে যেতে পেরে ভীষণ খুশি।
রবিবার ঢাকা থেকে কলকাতায় যাওয়ার সময় বিমানবন্দরে বাংলাদেশি এই উইকেটকিপার ব্যাটার জানিয়ে গেছেন, ‘এটা একটা সুযোগ আমি মনে করি। এরকম একটা ইভেন্টে কখনও যেতে পারিনি, প্রথমবার আমার জন্য। অবশ্যই ভালো লাগার, আমি খুশি।’
আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ শুরুর দুই ম্যাচেই রান পেয়েছেন। অবশ্য তৃতীয় ম্যাচে করেছেন ১৫ রান। এর বাইরে দলের সঙ্গে যুক্ত হয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়ও। এই অবস্থায় দারুণ ফর্মে থাকলেও টিম কম্বিনেশনের কারণে লিটনের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। লিটন অবশ্য জানিয়ে গেছেন সুযোগ পেলে তা কাজে লাগানোর চেষ্টা করবেন তিনি, ‘তারা যদি খেলাতে পারে আমি খেলবো। তেমন কোনও লক্ষ্য নির্ধারণ করা নেই। যদি সুযেোগ থাকে ভালো ক্রিকেট খেলবো। সমর্থকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এখানে যেমন সমর্থন করেন সেখানেও করবেন। সমর্থন করলে ভালো কিছুই হয়।’
শুধু বলার জন্যই বলা নয়, লিটন সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন। সেই ছন্দ ধরে রাখতে চান আইপিএলেও। যদিও তার আগে লিটনকে সেই সুযোগটুকু পেতে হবে, ‘সংস্করণ যেরকমই হোক, আমার কাছে মনে হয়েছে এভাবে খেললে আমার জন্য ভালো অপশন হবে। তাই এভাবেই খেলছি। প্রস্তুত বলতে, অবশ্যই অনুশীলন করেছি অনেকদিন ধরে। অনেকদিন ধরে খেলছি। একজন ওপেনার হিসেবে সব জায়গায় আত্মবিশ্বাস তো থাকাই লাগবে। কিন্তু দলটাও ভিন্ন। কখনও ফ্র্যাঞ্চাইজি লিগ আমি খেলতে যাইনি (আইপিএল)। তারা যদি খেলায় অবশ্যই চেষ্টা করবো ভালো খেলতে। ’








