আইপিএলে কঠিন সমীকরণ নিয়েই রবিবার মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। প্লে-অফে খেলতে হলে অনেকগুলো সমীকরণ মেলাতে হতো তাদের। তবে দিনের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে প্রথম সমীকরণ মিলিয়ে ফেলেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এবার অবশ্য রোহিতরা তাকিয়ে গুজরাট টাইটানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের দিকে। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে মুম্বাইয়ের প্লে-অফ ভাগ্য!
স্কোর:
হায়দরাবাদ: ২০০/৫
মুম্বাই: ১৮ ওভারে ২০১/২
ফল: মুম্বাই ৮ উইকেটে জয়ী।
রবিবার হায়দরাবাদকে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে মুম্বাই। ১৪ পয়েন্ট নিয়ে মুম্বাইয়ের ঘাড়ে নিশ্বাস ফেলছে বেঙ্গালুরু। রবিবার তারা গুজরাটকে হারাতে পারলে ১৬ পয়েন্ট অর্জন করবে। তখন নেট রান রেটের হিসেবে দুই দলের মধ্যে একটি দল পাবে প্লে-অফের টিকিট। তবে মুম্বাইয়ের জয়ে রাজস্থানের বিদায় নিশ্চিত হয়েছে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিকদের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ হলেও হায়দরাবাদের জন্য ম্যাচটা অবশ্য নিয়মরক্ষার। তবু সেরাটা দিয়েই লড়ছে এইডেন মারক্রামের দল। প্রথম ইনিংস শেষে রোহিত শর্মার দলকে ২০১ রানের লক্ষ্য দেয় তারা। কঠিন সেই লক্ষ্যে খেলতে নেমে ২০ রানে ওপেনার ইশান কিশান আউট হলেও মুম্বাইকে সমস্যায় পড়তে হয়নি। দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা ও ক্যামেরন গ্রিন ১২৮ রানের জুটি গড়ে দলের জয়ের পথটা সুগম করেছেন। ৩৭ বলে ৫৬ রান করে রোহিত আউট হওয়ার পর ক্যামেরন ও সূর্যকুমার যাদব মিলে অবিচ্ছিন্ন ৩০ বলে ৫৩ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ৪৭ বলে ৮ চার ও ৮ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন ক্যামেরন। সূর্যকুমার খেলেন ১৬ বলে ২৫ রানের ইনিংস।
হায়দরাবাদের বোলারদের মধ্যে ভুবেনশ্বর কুমার ও মায়াঙ্ক ডাগর একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে মুম্বাই বোলারদের নিয়ে ছেলে খেলায় মেতে উঠেন হায়দরাবাদের দুই ওপেনার বিভ্রান্ত শর্মা এবং মায়াঙ্ক আগারওয়াল। পাওয়ার প্লেতে তারা তোলেন ৫৩। রানের গতি আরও বাড়ে পাওয়ার প্লে শেষ হতেই। পরের সাত ওভারে আসে ৭৫ রান। আইপিএলে নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে বিভ্রান্ত আউট হন ৬৯ রানে। ৪৬ বলে ৪ ছক্কা ও ৪ চারে ৮৩ রান করে মাঠ ছাড়েন আগারওয়াল। তার পর বাকি ব্যাটারদের ব্যর্থতায় হায়দরাবাদ ৫ উইকেট হারিয়ে ২০০ রান করেছে।
মুম্বাইয়ের হয়ে চার উইকেট নিয়েছেন আকাশ মাধভাল। ক্রিস জর্ডানের ঝুলিতে গেছে একটি উইকেট।









