আগামী জুলাইয়ে ভারতের নারী দলের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এই খবর নিশ্চিত করেছেন।
নাদেল বলেছেন, ‘হ্যাঁ, ভারতের নারী জাতীয় দলের বিপক্ষে জুলাইয়ে আমরা সাদা বলের একটি সিরিজ খেলতে যাচ্ছি। সবগুলো ম্যাচ হবে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।’
১১ বছরে প্রথমবার শেরে বাংলায় মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ হবে। শেষবার বাংলাদেশের মেয়েরা এই মাঠে খেলেছিল ২০১২ সালে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে।
সবগুলো ম্যাচই হবে দিনে। সিরিজের খসড়া সূচি অনুযায়ী ভারতীয় দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ঢাকায় আসবে ৬ জুলাই। টি-টোয়েন্টি হবে ৯, ১১ ও ১৩ জুলাই। ওয়ানডে শুরু হবে ১৬ জুলাই, বাকি দুটি ম্যাচ ১৯ ও ২২ জুলাই।









