হংকংয়ে চলছে নারী ইমার্জিং টিম এশিয়া কাপ। বাংলাদেশ নারী দল ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে সোমবারের ম্যাচটি রিজার্ভ ডেতে গড়িয়েছে। নারী ইমার্জিং এশিয়া কাপ শেষ হওয়ার পর আগামী মাসে ছেলেদের ইমার্জিং এশিয়া কাপ শুরু হবে। টুর্নামেন্টে অংশ নিতে সোমবার ইমার্জিং দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৪ জুলাই শ্রীলঙ্কায় হবে ইমার্জিং এশিয়া কাপ। আয়োজক চূড়ান্ত হলেও কোন ভেন্যুতে খেলা হবে সেটি এখনও জানানোর অপেক্ষায়। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল আগামী ১২ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা করবে। এই প্রতিযোগিতার জন্য সাইফ হাসানকে অধিনায়ক করে ১৫ জনের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে আছেন তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম।
২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দল থেকে ৮ জন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে ইমার্জিং দলে। এছাড়া সৌম্য সরকার-নাঈম শেখের মতো ক্রিকেটাররা আছেন এই দলটিতে।
টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে ১০ জুনের মধ্যে শ্রীলঙ্কায় পৌঁছে যাবে সব দল। দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে আট দল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান তাদের ‘এ’ দল পাঠাচ্ছে, বাকি তিনটি দল তাদের জাতীয় দল নিয়ে মাঠে নামবে। ‘এ’ গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও ওমান। ‘বি’ গ্রুপে আছে পাকিস্তান, ভারত, আরব আমিরাত ও নেপাল।
১৩ জুলাই একদিনের অনুশীলন করে টুর্নামেন্টে লড়বে দলগুলো। প্রথম দিনে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হবে। একদিন বিরতি দিয়ে ১৬ জুলাই ওমানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। ১৮ জুলাই আফগানিস্তানের বিপক্ষে তাদের গ্রুপের শেষ ম্যাচ। ২১ জুলাই দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনাল খেলবে। ২৩ জুলাই হবে ফাইনাল।
বাংলাদেশ দল: মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আকবর আলী ও নাঈম শেখ।
রিজার্ভ: অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান ও হাসান মুরাদ।









