একমাত্র টেস্ট ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিলেও সীমিত ওভারের ক্রিকেট জেতা অতটা সহজ হবে না বলে মনে করেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস। সাকিব-তামিমদের এই কোচের মতে, শক্তি-সামর্থ্যে দুই দলের অবস্থানই কাছাকাছি। শনিবার তিন দিনের প্রি-কন্ডিশনিং ক্যাম্প শেষ হয়েছে। ঈদের ছুটির পর ২ জুলাই ফের আফগানিস্তান সিরিজের প্রস্তুতি শুরু হবে।
শনিবার মিরপুরে গণমাধ্যমকে পোথাস বলেছেন, ‘তারা (আফগানিস্তান) খুবই শক্ত প্রতিপক্ষ। এটা রোমাঞ্চকর সিরিজ হবে এবং খুবই কঠিন।’
টেস্ট ম্যাচে ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। দলে আফগানদের প্রাণভোমরা রশিদ খান ছিলেন না। ইনজুরি কাটিয়ে সীমিত ওভার ক্রিকেটে ফিরছেন এই লেগ স্পিনার। তার সঙ্গে রহমানউল্লাহ গুরবাজ, মুজিব উর রহমানরাও আসছেন। সীমিত ওভারের ক্রিকেটে আফগানিস্তান দল নিয়ে পোথাস বলেছেন, ‘তারা খুবই ভালো ওয়ানডে দল। তাদের বেশিরভাগ খেলোয়াড় এখন সতেজ। তারা একটা বিরতির পর সতেজ হয়ে ফিরবে। তারা গর্বিত জাতি। টেস্ট ম্যাচে হারটা তাদের তাঁতিয়ে দিতে পারে।’
ঈদের আগে আজ ছিল ক্রিকেটারদের শেষ অনুশীলন। এর আগে টানা দুই দিন সাদা বলে লিটন, মুশফিক, মিরাজরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন। ওয়ানডে দলের বাইরে থাকা ক্রিকেটাররাও এই ক্যাম্পে ছিলেন। বিশ্বকাপ ও এশিয়া কাপ সামনে রেখে এই সিরিজে সেরা প্রস্তুতি নেওয়ার সুযোগ দেখেন পোথাস, ‘ক্যাম্প খুবই ভালো হয়েছে। ক্যাম্প সব ক্রিকেটারদের দেখার একটা সুযোগ করে দিয়েছে। দারুণ সুযোগ সুবিধা। ছেলেরা যতটা সম্ভব তৈরি হয়েছে। আমরা খুবই খুশি। দৃষ্টি অবশ্যই বিশ্বকাপ, এশিয়া কাপের দিকে। সেজন্য আফগানিস্তান সিরিজ থেকে ভালো কিছু হতে পারে না (প্রস্তুতির জন্য)।’
সৌম্য সরকার, রনি তালুকদার, শামীম হোসেনের মতো বেশ কয়েকজন ক্রিকেটার এই ক্যাম্পে ছিলেন। ওয়ানডে দলের বাইরে ক্রিকেটারদের ক্যাম্পে থাকা নিয়ে পোথাস বলেছেন, ‘এটা হচ্ছে ক্রিকেটারদের সুযোগ দেওয়ার একটা উপায়। তারা যেন এটা না ভাবে যে তারা গ্রুপের বাইরে। এখান থেকে আমাদের অপশনও তৈরি হচ্ছে। কেউ যদি চোটে পড়ে আমাদের যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয় যে কাউকে না দেখেই ডাকতে হচ্ছে। এজন্য আমরা তাদেরকে সেরা সুযোগ সুবিধা দিয়ে অনুশীলনের সুযোগ করে দিচ্ছি। যদি কোনও পরিস্থিতিতে তাদের দরকার হয়। আমরা যতটা সম্ভব তাদের যুক্ত করার চেষ্টা করছি। আমাদের প্রধান কোচের পরিকল্পনা খুবই পরিষ্কার।’
পিঠের ইনজুরির কারণে একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে পারেননি তামিম ইকবাল। ওয়ানডে সিরিজের আগে ফেরার লড়াই চালিয়ে গেলেও খুব একটা স্বস্তিদায়ক ব্যাটিং করতে দেখা যায়নি তাকে। ওয়ানডে অধিনায়কের অবস্থান নিয়ে সহকারী এই কোচ বলেছেন, ‘সে যেমন খেলে, তেমনইটাই খেলছে। আমরা কিছু জিনিস পরিবর্তন করেছি, সে এখন দারুণ আছে। মেডিকেল দৃষ্টিকোণ থেকে, আমি কিছু বলতে পারছি না। কারণ আমি ফিজিও না।’









