কুড়ি ওভারের ধুমধাড়াক্কা ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের উন্মাদনা ছড়িয়ে দিতে বিপিএল গভর্নিং কাউন্সিল কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল। কুইজ খেলে ১৫জন ভাগ্যবান ক্রিকেটপ্রেমী পুরস্কারও জিতেছেন। তাদের মধ্যে মাদারীপুরের জাহিদ মোল্লা প্রথম পুরস্কার হিসেবে জিতেছেন আইফোন।
গত ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ম্যাচ চলাকালীন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যেখানে গড়ে প্রতিদিন প্রায় ১২ হাজার ক্রিকেটপ্রেমী অংশ নিয়েছেন। একদিনে সর্বোচ্চ ২০ হাজার অংশগ্রহণকারীও ছিলেন। তাদের মধ্যে আয়োজকরা লটারির মাধ্যমে ১৩৫ জনকে বেছে নিয়েছে এবং সেখান থেকেও শর্ট লিস্ট করে নেওয়া হয় ১৫ জনকে। সেরা ১৫ জনের মধ্যে প্রথম হয়েছেন মাদারীপুরের জাহিদ মোল্লা। পুরস্কার হিসেবে তাকে আইফোন ১৪ প্রো ম্যাক্স দেওয়া হয়। এছাড়া বাকিদের জন্যও ছিল আকর্ষণীয় পুরস্কার। এর বাইরে ভাগ্যবান ১৫জনকে আগামী আসরের বিপিএলে এলিমিনেটর রাউন্ডের টিকিট সরবরাহ করা হবে।
মঙ্গলবার রাজধানীর এক হোটেলে ১৩৫জন বিজয়ীকে নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।
পুরস্কার বিতরণের আগে তিনি বলেছেন, ‘বিপিএলের সঙ্গে ক্রিকেট সমর্থকদের একটা সম্পর্ক তৈরি করতেই আমরা কুইজের আয়োজন করেছিলাম। যেখানে প্রচুর সাড়া পেয়েছি। এজন্য তাদেরকে ধন্যবাদ। বাংলাদেশের ক্রিকেটকে তারা ভালোবাসেন বলেই বিপিএলের কুইজে অংশগ্রহণ করেছেন। আমরা ধারাবাহিকভাবে এই প্রতিযোগিতা চালু রাখবো। সঙ্গে নতুন কিছুও যোগ করার চেষ্টা করবো।’
প্রথম পুরস্কার হিসেবে আইফোন পাওয়া জাহিদ বলেছেন, ‘ভাবতেই পারিনি এমন কিছু হবে। আমি দারুণ খুশি। আরও তাড়াতাড়ি এই পুরস্কার দিতে পারলে অনুভূতিটা তাজা হতো। তারপরও বিসিবিকে ধন্যবাদ। আশা করি, ভবিষ্যতে এমন প্রতিযোগিতা অব্যাহত থাকবে।’









