কয়েক দিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্রিকেটকে বিদায় বলেছেন পাকিস্তানের বিস্ফোরক নারী ব্যাটার আয়েশা নাসিম। অথচ বয়স খুব বেশি ছিল না। মাত্র ১৮! ফলে তাকে ছাড়া আসন্ন এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মঙ্গলবার এশিয়ান গেমসের জন্য পাকিস্তান নারী দল ঘোষণার সময়ই আয়েশার অবসরের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নারী বিভাগের প্রধান তানিয়া মালিক বলেছেন, ‘আমরা আয়েশা নাসিমের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। পাশাপাশি তার নেওয়া সিদ্ধান্তের বিষয়টি আমরা বুঝি এবং এর প্রতি সম্মানও জানাই।’
ব্যক্তিগত কারণের কথা বলা হলেও স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর, মূলত ধর্মীয় রক্ষণশীলতার কারণেই খেলা ছাড়তে হয়েছে তাকে। তার জন্ম পাকিস্তানের অ্যাবোটাবাদের বাগান গ্রামে। সেখানে মেয়েদের ব্যাপারে কঠোর বিধিনিষেধ মেনে চলেন স্থানীয়রা। কয়েক দিন আগে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই চিত্রই ফুটে ওঠে আয়েশার কথায়, ‘আমার গ্রামে মেয়েদের ঘরের বাইরে যাওয়ার নিয়ম নেই।’ তিনি আরও বলেছেন, ‘গ্রামের লোকেরা আমার ক্রিকেট খেলা পছন্দ করতো না। তারা বলতো আমার জন্য সেখানকার মেয়েদের ওপর বাজে প্রভাব পড়ছে।’
আয়েশা এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলেছেন। সেখানে ২০২০ ও ২০২৩ সালে ছিল দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপও। তিনি মূলত পাওয়ার হিটিং দক্ষতার জন্য নাম কুড়িয়েছেন। ক্যারিয়ার শেষ করেছেন ১২৮.১২ স্ট্রাইক রেট নিয়ে, যা পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সেরা। নিদা দারের (২৭) পর তারই সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ১৮টি!
পাকিস্তানের এশিয়ান গেমস স্কোয়াড: নিদা দার (অধিনায়ক), আলিয়া রিয়াজ, আনোশা নাসির, ডায়ানা বেগ, ফাতিমা সানা, মুনিবা আলী, নাজিহা আলভি, নাশরা সান্ধু, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সাদাশ শামস, শাওয়াল জুলফিকার, সিদ্রা আমিন, সৈয়দা আরোব শাহ ও উম্মে হানি।









