পরিবর্তিত ম্যাচের সূচি প্রকাশের পর ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রির তারিখও জানিয়ে দিলো আইসিসি। ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট। অর্থাৎ প্রথম ম্যাচ শুরুর ৪০ দিন আগে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ৫ অক্টোবর।
অবশ্য টিকিট বিক্রির তারিখ জানানো হলেও সেটা কয়েকটা ধাপে চলবে। আইসিসি সেসবের বিস্তারিতও তুলে ধরেছে। বিশেষ করে ভারতের প্রস্তুতি ও বিশ্বকাপ ম্যাচগুলোর টিকিট বিক্রি হবে ধাপে ধাপে। যার আলাদা তারিখ উল্লেখ করা হয়েছে। তবে বাকি দলগুলোর প্রস্তুতি ও বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্টেই। যেমন-
* ২৫ আগস্ট: ভারত ছাড়া বিশ্বকাপের অন্যদলগুলোর প্রস্তুতি ও বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রি শুরু।
* ৩০ আগস্ট: গুয়াহাটি ও থিরুভানাথাপুরামে ভারতের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের টিকিট বিক্রি শুরু।
* ৩১ আগস্ট: চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার (৮ অক্টোবর ম্যাচ) বিপক্ষে, দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে (১১ অক্টোবর) এবং পুনেতে বাংলাদেশের বিপক্ষে (১৯ অক্টোবর) ভারতের বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রি শুরু।
* ১ সেপ্টম্বর: ধর্মশালায় নিউ জিল্যান্ডের বিপক্ষে (২২ অক্টোবর), লখনউয়ে ইংল্যান্ডের বিপক্ষে (২৯ অক্টোবর) এবং মুম্বাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে (২ নভেম্বর) ভারতের ম্যাচের টিকিট বিক্রি শুরু।
* ২ সেপ্টেম্বর: কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (৫ নভেম্বর), বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে (১২ নভেম্বর) ভারতের ম্যাচের টিকিট বিক্রি শুরু।
* ৩ সেপ্টেম্বর: আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে (১৪ অক্টোবর) ভারতের ম্যাচের টিকিট বিক্রি শুরু।
* ১৫ সেপ্টেম্বর: সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু।
অবশ্য ২৫ আগস্ট টিকিট বিক্রি শুরু হলেও ভক্তদের ১৫ আগস্ট আইসিসি ওয়েবসাইটে (https://www.cricketworldcup.com/register) গিয়ে টিকিটের আগ্রহের কথা জানাতে নিবন্ধন করতে হবে। তাহলে সবার আগে তাদের টিকিটের নিউজ প্রাপ্তি এবং বিশ্বকাপে নিজেদের অবস্থান নিশ্চিত করতে সেটি সহায়তা করবে।








