এশিয়া কাপে শনিবার ভারত-পাকিস্তানের ম্যাচ। এই ম্যাচকে কেন্দ্র করে দুটি দেশের ক্রিকেটপ্রেমীরা যুদ্ধে লিপ্ত হন। ২২ গজের লড়াইয়েও দুই দলের খেলোয়াড়দের শরীরী ভাষায় যেন আগুনের ফুলকি ছড়ায়! শনিবারও হয়তো এমনই হবে। শুক্রবার দুই দলের সংবাদ সম্মেলন থেকে তেমনই আভাস পাওয়া যাচ্ছে!
ম্যাচটি যে ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিংয়ের লড়াই সেকথা মানছেন পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদিও। তিনি বলেন, 'মিরপুরে কাল (শনিবার) মূল লড়াই হবে ভারতের শক্তিশালী ব্যাটিংয়ের বিপক্ষে পাকিস্তানের আক্রমণাত্মক বোলিংয়ের।'
টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে দুই বছর পর মুখোমুখি হচ্ছে এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তাইতো বাড়তি রোমাঞ্চ কাজ করছে পাকিস্তানের। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, 'এই ম্যাচটি আমাদের কাছে অনেক বড়। অতীত ইতিহাস ভুলে পরিকল্পনা মাফিক খেলতে চাই। আমরা সম্প্রতি পিএসএলে খেলে এসেছি। এবার একসঙ্গে নিজেদের মেলে ধরতে চাই।'
ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘ভারতের ব্যাটসম্যানরা স্পিন ভালো খেলে। আমাদের স্পিনাররাও ফর্মেও আছে। এখানে তারা ভালো ক্রিকেট খেলতেই এসেছে। মোহাম্মদ নেওয়াজ ঘরোয়া ক্রিকেট ও পিএসএলে দারুণ পারফরম্যান্স করেছে। ফাস্ট বোলাররাও ভালো অবস্থায় রয়েছে। আমরা জানি, ভারতের ব্যাটিং লাইনআপ শক্তিশালী। তবে আমাদেরও দারুণ বোলিং অ্যাটাক আছে। আশা করি, আমাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে।
মিরপুরের কন্ডিশনে পেস বোলাররা কতটা সুবিধা আদায় করে নিতে পারবেন এমন প্রশ্নে আফ্রিদি বলেন, ‘নিশ্চয়ই পারবে। আমাদের চার পেসার আছে। উইকেট শিকারের জন্যই তাদের বিবেচনা করা হয়েছে। প্রথম ৬ ওভারে আমাদের পেস বোলাররা তাদের ব্যাটসম্যানদের সাজঘরে ফেরানোর চেষ্টা করবে।'
/আরআই/এমআর/








