অবসর ভেঙে মাত্র তৃতীয় ওয়ানডে খেলতে নেমেছিলেন বেন স্টোকস! তাও আবার নিউ জিল্যান্ডের বিপক্ষে। যাদের বিপক্ষে গত বিশ্বকাপ ফাইনালে অনবদ্য ইনিংস খেলেছিলেন! সেই স্টোকস গতকাল নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। যেখানে আগে ইংল্যান্ডের কেউ পৌঁছাতে পারেনি। তাতে যে লক্ষ্যে স্টোকসকে আবার ফিরিয়ে আনা, তার একটা আগাম বার্তা দিয়ে রাখলেন ইংলিশ অলরাউন্ডার। তার বিস্ফোরক ১৮২ রানের সুবাদে তৃতীয় ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে ১৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
স্টোকসের ইনিংসটি ওয়ানডেতে ইংলিশ কোনও ব্যাটারের সর্বোচ্চ। আগের সেরাটি ছিল জেসন রয়ের ১৮০, প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।
শুরুতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউ জিল্যান্ড। প্রথম বলে বেয়ারস্টো, তৃতীয় ওভারে জো রুটের উইকেট তুলে ইংলিশদের কাঁপিয়ে দিয়েছিল তারা। কিন্তু স্টোকস ব্যাট করতে নামতেই উল্টো কিউইদের মনে কাঁপন ধরান তিনি। ১৩ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর তৃতীয় উইকেটে ডেভিড মালান ও স্টোকস মিলে ১৯৯ রান যোগ করেছেন। রীতিমত তাণ্ডব চালিয়েছেন স্টোকস। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি ছুঁয়েছেন ৭৬ বলে। তার পর তো ইংল্যান্ডের হয়ে রেকর্ড ইনিংস উপহার দিয়েছেন। ১২৪ বলে ১৫ চার ও ৯ ছক্কায় করেছেন ১৮২ রান।
তার আগে বিদায় নেওয়ায় মালান ৯৫ বলে ৯৬ রানের ইনিংস খেলেছেন। এই দুই ব্যাটারকে কেন্দ্র করেই ইংলিশদের ইনিংস বিশাল আকার ধারণ করেছে। কারণ শেষ ৬ উইকেট পড়েছে মাত্র ৩২ রানে। ফলে ইংল্যান্ড ৪৮.১ ওভারে ৩৬৮ রানেই গুটিয়ে গেছে।
৫১ রানে ৫ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ৬৯ রানে তিনটি নেন বেন লিস্টার। একটি করে নিয়েছেন লকি ফার্গুসন ও গ্লেন ফিলিপস।
বিশাল রানের চাপে পরে পিষ্ট হয়েছে কিউই দল। ৩৭ রানে হারায় ৪ উইকেট! তিনটি উইকেট নিয়ে শুরুতে প্রতিপক্ষকে বিপদে ফেলেছেন ক্রিস ওকস। একমাত্র গ্লেন ফিলিপস ৭২ রানে লড়াই চালালেও সেটি হারের ব্যবধান কমায় মাত্র। নিউ জিল্যান্ড ৩৯ ওভারে ১৮৭ রানেই গুটিয়ে গেছে।
ওকস ৩১ রানে তিনটি উইকেট নিয়েছেন। ১৬ রানে তিনটি নিয়েছেন লিয়াম লিভিংস্টোনও। ৩১ রানে দুই উইকেট রিস টপলির। একটি করে নিয়েছেন স্যাম কারান ও মঈন আলী।









