ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে লড়াই জমাতে পারলো না ইউনাইটেড। আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে সহজ জয় পেলো সিটি।
গত জানুয়ারিতে নিজেদের মাঠে সিটিজেনদের হারিয়ে উল্লাস করেছিল ম্যানইউ। এবার তার পুনরাবৃত্তি হলো না। টানা তিনবারের চ্যাম্পিয়নরা ওল্ড ট্র্যাফোর্ডে জিতেছে ৩-০ গোলে।
এই জয়ে ১০ ম্যাচে আর্সেনালের সমান ২৪ পয়েন্ট পেলেও গোলব্যবধানে পিছিয়ে থেকে তিনে ম্যানসিটি। দিনের আরেক ম্যাচে লিভারপুলও ৩-০ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। ২৩ পয়েন্ট নিয়ে চারে উঠে গেছে অলরেডরা। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে টটেনহ্যাম হটস্পার।
প্রথম সুযোগ তৈরি করেছিল ম্যানইউ। ম্যাচের দ্বিতীয় মিনিটে রাসমুস হয়লনের বাড়ানো বলে বক্সের সেন্টার থেকে লক্ষ্যে শট নেন স্কট ম্যাকটমিনে। সিটি কিপার এডারসন তাকে রুখে দেন।
৮ মিনিটে কাইল ওয়াকারের হেড পাসে ফিল ফডেন ম্যানসিটিকে এগিয়ে দিতে পারতেন। তবে তার হেড ঠেকিয়ে দেন ইউনাইটেড কিপার আন্দ্রে ওনানা। প্রথমার্ধের মাঝের দিকে জ্যাক গ্রিলিশের শট ডানপোস্ট দিয়ে বেরিয়ে গিয়ে হতাশ করে সিটিজেনদের।
কিছুক্ষণ পরই ফ্রি কিকের সময় বক্সের মধ্যে রদ্রিকে ফাউল করেন হয়লন। ভিএআর দেখে ম্যানসিটির পক্ষে পেনাল্টির রায় দেন রেফারি। ২৬ মিনিটের ওই স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন হাল্যান্ড।
পরে গ্রিলিশ ও জুলিয়ান আলভারেজ আড়াআড়ি শটে ম্যানসিটির ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও ব্যর্থ হন। তাতে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের চার মিনিট পার হওয়ার পর বার্নার্ডো সিলভার অ্যাসিস্টে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন হাল্যান্ড। এই মৌসুমে ম্যানইউর সমান সংখ্যক ১১ লিগ গোল একাই করলেন তিনি।৮০ মিনিটে সিলভাকে দিয়ে গোল করান নরওয়েজিয়ান স্ট্রাইকার। তার আগে তার বাঁ পায়ের শট ঠেকিয়ে হ্যাটট্রিক করতে দেননি ওনানা।
এদিকে লিভারপুল অ্যানফিল্ডে সহজ জয় পেয়েছে। ডিওগো জোতা, ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ গোলদাতার খাতায় নাম লেখান।









