বিশ্বকাপে টানা হারের পরও সেমিফাইনালের সম্ভাবনা টিকে আছে পাকিস্তানের। যদিও বিষয়টা পুরোপুরি তাদের নিজেদের হাতে নেই। তার পরেও সর্বোচ্চ দিয়ে বাংলাদেশের বিপক্ষে লড়তে চাচ্ছে বাবর আজমরা। কলকাতার গুরুত্বপূর্ণ ম্যাচটিতে পাকিস্তান আজ একাদশে পরিবর্তন আনার কথা ভাবছে। জিও নিউজের খবর, একাদশে তিনটি পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট।
অলরাউন্ডার শাদাব খান খেলতে পারবেন কিনা তা নিয়ে একটা অনিশ্চয়তা আছে। এখন পর্যন্ত তিনি নিশ্চিত নন। ম্যাচের আগেই হয়তো তার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। গতকালকের অনুশীলনে শাদাব বোলিং করেননি। সূত্রের বরাতে জানা গেছে, তিনি পুরোপুরি সুস্থ নন। খেলার জন্য ফিটও নন শতভাগ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। মাটিতে পড়ে গিয়ে আঘাত পাওয়া দ্রুত মাঠ ছেড়ে গিয়েছিলেন। পরে সিটি স্ক্যান করা হয় তার। শাদাবের অনুপস্থিতিতে হয়তো উসামা মিরকেই দেখা যেতে পারে। ওপেনিংয়ে ইমাম উল হকের জায়গায় আসতে পারেন ফখর জামান। চূড়ান্ত একাদশে মোহাম্মদ নওয়াজকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হতে পারে সালমান আলী আগাকে।
বিশ্বকাপে চারটি ম্যাচ হেরেছে বাবর আজমরা। জিতেছে দুটি।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলী আগা, উসামা মির, শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।








