বিশ্বকাপে ব্যাটারদের দাপটে একের পর এক সাফল্য রচনা করেছে ভারত। নেদারল্যান্ডসের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচেও আধিপত্য বিস্তার করে খেললো তারা। তিন ব্যাটার করেছেন হাফ সেঞ্চুরি, হয়েছে দুটি সেঞ্চুরি। রেকর্ড ছুঁয়েছেন বিরাট কোহলি, ভেঙেছেন রোহিত শর্মা। একাধিক রেকর্ড ছোঁয়াগড়ার খেলা খেলেছে ভারত। সংখ্যায় সংখ্যায় সেগুলো দেখে নেওয়া যাক-
৮- ২০২৩ সালে ওয়ানডেতে ভারতের সাড়ে তিনশর বেশি দলীয় সংগ্রহের সংখ্যা। একদিনের ক্রিকেটে এক বর্ষপঞ্জিকায় যে কোনও দলের সর্বাধিক সংখ্যক সাড়ে তিনশ রান, পেছনে ফেলেছে ২০১৯ সালে গড়া ইংল্যান্ডের (৭) কীর্তিকে।
৭- ওয়ানডে ক্রিকেটে ভারতের চারশর বেশি রানের সংখ্যা। সবচেয়ে বেশিবার চারশ রানের কীর্তিতে তারা ঠিক দক্ষিণ আফ্রিকার (৮) পরে। বিশ্বকাপে এনিয়ে দ্বিতীয়বার চারশর বেশি রান করলো ভারত। ২০০৭ সালে বারমুডার বিপক্ষে ৫ উইকেটে ৪১৩ রান করেছিল তারা। এছাড়া বিশ্বকাপে একাধিক (৩) চারশর বেশি রান করা দল দক্ষিণ আফ্রিকা।
৩- ওয়ানডেতে এনিয়ে তৃতীয়বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি ব্যাটার পঞ্চাশের বেশি রান করলেন। এর আগের দুইবারই এই কীর্তি গড়েছিল অস্ট্রেলিয়া, দুইবারই তাদের প্রতিপক্ষ ছিল ভারত।
১- ওয়ানডে বিশ্বকাপে এক ইনিংসে প্রথম পাঁচ ব্যাটারের পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলার ঘটনা এই প্রথম, যা করে দেখালো ভারত। এমনকি এর আগে কখনও বিশ্বমঞ্চে এক ইনিংসে প্রথম চার ব্যাটারের ফিফটি প্লাস রান হয়নি।
৬২- লোকেশ রাহুলের সেঞ্চুরি করতে খেলা বলের সংখ্যা। বিশ্বকাপে এটাই ভারতের জার্সিতে কারও দ্রুততম সেঞ্চুরি। চলতি আসরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে করা রোহিত শর্মার ৬২ বলের সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন তিনি।
২০৮- শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলের জুটিতে এই রান হয়েছে, যা বিশ্বকাপে চতুর্থ উইকেটে সর্বোচ্চ। এই উইকেটে আগের সর্বোচ্চ রান ছিল ২০৪। ২০০৭ সালে যেটা নেদারল্যান্ডসের বিপক্ষে করেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক ও ব্র্যাড হজ।
২১৫- ২০২৩ সালে ৩০ ওয়ানডেতে ভারতের মারা ছয়ের সংখ্যা। এক বর্ষপঞ্জিকায় যে কোনও দলের সর্বোচ্চ ছয়। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মারা ২০৯ ছক্কার রেকর্ড ভেঙেছে তারা।
৬০- ২০২৩ সালে ওয়ানডেতে রোহিত শর্মার মারা ছক্কার সংখ্যা। ২০১৫ সালে এবি ডি ভিলিয়ার্সের মারা ৫৮ ছয়ের রেকর্ড ভেঙেছেন তিনি। এর মধ্যে ২৪ ছয় মেরেছেন এই বিশ্বকাপে, যা এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৫ সালে ক্রিস গেইল ২৬ ছয় মেরে সবার উপরে।
৭- এই টুর্নামেন্টে বিরাট কোহলির পঞ্চাশ ছাড়ানো ইনিংসের সংখ্যা। বিশ্বকাপের এক আসরে কোনও ব্যাটারের যৌথ সর্বোচ্চ। ২০০৩ সালে শচীন টেন্ডুলকার ও ২০১৯ সালে সাকিব আল হাসানও সাতটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন।
৫০৩- চলতি বিশ্বকাপে রোহিত শর্মার সর্বমোট রান, ভারতের অধিনায়ক হিসেবে যা সর্বোচ্চ।








