অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে ভারত। ম্যাচে জয়ের ভিত গড়ে দেন সূর্যকুমার যাদব। কিন্তু দারুণ ফিনিশিংয়ে পার্শ্বনায়ক রিংকু সিং। লক্ষ্য পূরণে ইনিংসের ‘শেষ বলে’ ছক্কা মারেন তিনি, তবে তা যুক্ত না হওয়ায় অনেকে আশ্চর্য হয়েছেন।
শেষ ওভারে পরপর তিন বলে উইকেট পড়ে যাওয়ার পর রিংকু ক্রিজে থেকে ঠাণ্ডা মাথায় দলকে জেতান। শেষ ওভারে লাগতো ৭ রান। প্রথম দুই বলে রিংকু চার ও সিঙ্গেল নিয়ে ব্যবধান কমান। তৃতীয় বলে অক্ষর প্যাটেল আউট হন। রিংকুকে স্ট্রাইক দিতে গিয়ে পরের বলে রানআউট হন রবি বিষ্ণয়। শেষ দুই বলে দরকার ছিল ২ রান। রিংকু স্ট্রাইক পেতে দ্বিতীয় রান নেন, নন স্ট্রাইকে রানআউট হন আর্শদীপ সিং। স্কোরে তখন সমতা। শেষ বলে লাগে ১ রান, বৃত্তের ভেতর ফিল্ডার বাড়িয়ে সিঙ্গেল আটকানোর চেষ্টা করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েড। বিশাল এক ছক্কা মারেন ভারতীয় ব্যাটার। ২০৯ রানের লক্ষ্যে নামা ভারত জিতে যায়। তবে ওই ছক্কা বিফলে যায়।
কেন এমন হলো? প্রশ্ন ওঠে ভারতীয়দের মনে। তাদের বিস্ময়ের যেন শেষ ছিল না। বল সীমানা ছাড়ার পথে নো বলের সাইরেন বেজে ওঠে। বোলার শন অ্যাবট ওভারস্টেপিং করেন। যেহেতু, ভারতের প্রয়োজন ছিল ১ রান। নো বলেই সেই লক্ষ্য পূরণ হয়ে যায়। তাই ওই ছয় হিসাবের খাতায় যুক্ত করা হয়নি।
রিংকু ১৪ বলে ২২ রানে অপরাজিত থাকেন। নো বল হওয়ায় ১ বল বাকি থাকতেই ম্যাচ জেতে ভারত। সেটি নো বল না হলে শেষ বলে ছয়ের সৌজন্যেই জিততো ভারত। তাদের স্কোর হতো ২১৪ এবং রিংকুর নামের পাশে থাকতো ১৫ বলে অপরাজিত ২৮ রান।









