ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর করবে ভারত। দুই দল তিন ফরম্যাটেই মুখোমুখি হবে। টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়ে এই সফর শেষ হবে দুই টেস্টের সিরিজ খেলে। সাদা বলের দুটি সিরিজে থাকবেন না রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে সাদা পোশাকে তারা দক্ষিণ আফ্রিকায় খেলবেন। লাল বলে ভারতের স্কোয়াডকে আরও শক্তিশালী করবে যশপ্রীত বুমরা, লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারের ফেরা।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। বুমরাকে ফেরানো মানে দেড় বছর পর আবার লাল বলে বোলিং করতে দেখা যাবে তাকে। সবশেষ তিনি টেস্ট খেলেন ১৭ মাসেরও বেশি আগে, বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে। প্রায় এক বছর তাকে মাঠের বাইরে পাঠানো পিঠের ইনজুরি এখন অনেকটাই সহনীয় পর্যায়ে। সাদা বলের ফরম্যাটে খেলে নিজেকে ভালোভাবে তৈরি করছেন বুমরা। সম্প্রতি বিশ্বকাপে তিনি ছিলেন চতুর্থ শীর্ষ বোলার।
রাহুল ও শ্রেয়াসও দীর্ঘদিন ধরে ইনজুরির কারণে টেস্ট খেলেননি। গত ফেব্রুয়ারি-মার্চে বোর্ডার-গাভাস্কার সিরিজে সবশেষ সাদা পোশাক গায়ে দেন তারা।
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়াল সম্ভবত রোহিতের সঙ্গে ওপেনিং করবেন। তাতে তিনেই ব্যাটিং চালিয়ে যেতে হবে শুবমান গিলকে।
উইন্ডিজ টেস্ট সিরিজে বিশ্রামে থাকা মোহাম্মদ শামিকে ফেরানো হয়েছে। ওয়ানডে বিশ্বকাপের শীর্ষ বোলারকে অবশ্য ফিটনেস বিবেচনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সুস্থ হলেই হয়তো বল হাতে দেখা যাবে তাকে।
আগামী ২৭ ডিসেম্বর সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ৩ জানুয়ারি কেপটাউনে শেষ। ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দ্বিতীয় সিরিজ খেলতে যাচ্ছে ভারত। প্রথম সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ তে হারায় তারা।
প্রোটিয়াদের সঙ্গে ভারত শেষবার টেস্ট সিরিজ খেলেছিল করোনা মহামারীকালে। ২০২১-২০২২ এ ডিসেম্বর ও জানুয়ারিতে প্রথম টেস্ট জিতেছিল ভারত। পরের দুটি ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা ২-১ এ সিরিজ নিশ্চিত করেছিল।
ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রুতুরুাজ গায়কোয়াড়, ইশান কিষাণ (উইকেটকিপার), লোকেশ রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্নিব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরা (সহঅধিনায়ক), প্রসিদ্ধ কৃষ্ণা।








