বিস্ফোরক ব্যাটার হিসেবে সুপরিচিত শিমরন হেটমায়ারের ব্যাটে বিস্ফোরণ নেই। সাদা বলের ক্রিকেটে গত পাঁচ ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। এ কারণে ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুই ম্যাচের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়লেন এই ব্যাটার। আলজারি জোসেফকেও বিশ্রাম দেওয়া হয়েছে।
তৃতীয় টি-টোয়েন্টির একাদশেও থাকতে পারেননি হেটমায়ার। প্রথম দুই ম্যাচে করেন মাত্র ১ ও ২ রান। তিন ওয়ানডেতেও সুবিধা করতে পারেননি। মাত্র ৩২, ০ ও ১২ রান করেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন জনসন চার্লস। এই বছর আগস্টে ভারতের বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি খেলেন তিনি।
অস্ট্রেলিয়া সফর সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে জোসেফকে। আগামী ১৭ জানুয়ারি থেকে সেখানে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ানরা। তার বদলে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচের দলে ডাক পেয়েছেন পেসার ওশানে থমাস।
ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ শেষে সিরিজে ২-১ এ এগিয়ে। একই ব্যবধানে ওয়ানডে সিরিজও জিতেছিল তারা।
শেষ দুই ম্যাচের স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ, জনসন চার্লস, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, ওশানে থমাস।








