ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর দল নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় রেখেই দল গোছাচ্ছে তারা। সংক্ষিপ্ততম ফরম্যাটের টুর্নামেন্ট ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে আগামী বছর।
তিন ফরম্যাটে বাবর আজম অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোয় টি-টোয়েন্টির ভার পড়েছে পেসার শাহীন আফ্রিদির কাঁধে। এই সিরিজে শাহীনের নেতৃত্বেই মাঠে নামবে পাকিস্তান।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১২ জানুয়ারি। তার পর ১৪, ১৭, ১৯ ও ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাকি ম্যাচ।
দলটিতে আছেন উইকেটকিপার ব্যাটার হাসিবউল্লাহ খান, ফাস্ট বোলার আব্বাস আফ্রিদি, স্পিনার আবরার আহমেদ ও উসামা মির। যাদের এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা হয়নি। চোটের কারণে সহ অধিনায়ক শাদাব খানের জায়গা হয়নি।
২০১৮ সালের পর ডাক পেয়েছেন সাহিবজাদা ফারহান। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভালো করাতে ফিরেছেন তিনি। ডাক পেয়েছেন আজম খানও। শেষ দুই বছরে খেলা পাঁচ টি-টোয়েন্টিতে প্রত্যাশা মেটাতে পারেননি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ভালো করাতেই ডাক পড়েছে তার।
পাকিস্তান স্কোয়াড: শাহীন আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, হাসিবউল্লাহ খান, আজম খান, সাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, আমের জামাল, আব্বার আফ্রিদি, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম, উসামা মির, জামান খান।








