গত বছর আইসিসির দুটি মেজর ইভেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ভারত। দুটোতেই এশিয়ান পরাশক্তিকে হারিয়ে ট্রফি জিতেছে অজিরা। আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফির জন্যও হবে দুই দলের চার ক্রিকেটারের লড়াই। ভারত ও অস্ট্রেলিয়ার দুজন করে খেলোয়াড় এই ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন।
গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রোহিত শর্মার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্যাট কামিন্সরা। তারপর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপেও একই ধারা ধরে রেখে বিজয়ের হাসি হাসে অস্ট্রেলিয়ানরা। দুটো টুর্নামেন্টে অসাধারণ নেতৃত্ব দিয়ে বর্ষসেরা ক্রিকেটারের লড়াইয়ে মনোনীত হয়েছেন কামিন্স। ২০১৯ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার গত বছর টেস্ট ও ওয়ানডেতে ৫৯ উইকেটও নেন।
তারই সতীর্থ ট্র্যাভিস হেড স্মরণীয় বছর পার করেন। অস্ট্রেলিয়ার ট্রফি জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। গত বছর বড় মঞ্চে আলো ছড়ান হাত খুলে। দুটো ফাইনালেই হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। বছরজুড়ে সব ফরম্যাট মিলিয়ে প্রায় ১৭ হাজার রান করেছেন। আর গুরুত্বপূর্ণ সময়ে নিয়েছেন উইকেটও।
দুই অস্ট্রেলিয়ানের সঙ্গে লড়বেন ভারতের সেরা তারকা বিরাট কোহলি। তৃতীয়বার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি হাতে নেওয়ার অপেক্ষায় তিনি। গত বছর রেকর্ড ৫০তম ওয়ানডে সেঞ্চুরি করে পেছনে ফেলেন শচীন টেন্ডুলকারকে। ২০৪৮ আন্তর্জাতিক রান করেছেন। বিশ্বকাপ জিততে না পারলেও হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।
এই সংক্ষিপ্ত তালিকায় অন্যজন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বছরের শীর্ষ উইকেটশিকারি তিনি, নিয়েছেন ৬৬ উইকেট। এছাড়া করেছেন ৬১৩ রান। দুটি ফাইনালে ভারতের স্পিন আক্রমণে রাখেন দারুণ অবদান।
এদিকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকাতেও উঠেছে হেডের নাম। তার সঙ্গে লড়াই করবেন সতীর্থ উসমান খাজা, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ইংল্যান্ডের জো রুট।








