অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

ফুটবলার বাবার ছেলে বরেণ্য যুব ক্রিকেট বিশ্বকাপের ময়দানে

রবিউল ইসলাম
০৭ জানুয়ারি ২০২৪, ১৬:০০আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৬:১৪

দিন কয়েক বাদেই দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে ক্রিকেটের বড় ময়দানে পা রাখছেন মো. আশরাফুজ্জামান বরেণ্য। তবে ভাগ্য একটু এদিক-সেদিক হলেই তাকে হয়তো খেলতে হতো ফুটবল টুর্নামেন্টে! কারণ তার বাবা মো. আসাদুজ্জামান আসাদ ছিলেন ফুটবলার। জাতীয় দল পর্যন্ত পৌঁছাতে না পারলেও স্থানীয় পর্যায়ের ফুটবলে তিনি ছিলেন চেনামুখ।

ফলে ক্রিকেটারের পরিবর্তে বরেণ্যর ফুটবলার হওয়াটা অস্বাভাবিক ছিল না। কিন্তু ছেলেকে নিজের পছন্দ বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন বাবা। এর সুবাদে ক্রিকেটার হিসেবেই বেড়ে উঠেছেন বরেণ্য। এবার দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে প্রস্তুত এই উইকেট রক্ষক-ব্যাটার।

বাবার কাঁধে চড়ে বরেণ্য যখন গাইবান্ধা জেলা স্টেডিয়ামে যেতেন, তখন তার বয়স ছিল মাত্র চার বছর। খুব অল্প বয়সী ছেলেকে টেনিস বল দিয়ে ক্রিকেট অনুশীলন করাতেন বাবা। ক্রিকেট-প্রেমে বরেণ্যের মজে যাওয়ার শুরু তখনই। টেনিস বলের সেই দিনগুলো পেরিয়ে বাবা তাকে ভর্তি করে দেন গাইবান্ধা ক্রিকেট কোচিং সেন্টারে। সেখান থেকে বিকেএসপি। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ক্রিকেট প্রেম ও কঠোর পরিশ্রম– এই দুইয়ে ভর করে এগিয়ে চলছে বরেণ্যর স্বপ্ন।

অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডকে নিয়ে বাংলা ট্রিবিউনের ধারাবাহিক আয়োজনে আজ থাকছে উইকেট রক্ষক-ব্যাটার মো. আশরাফুজ্জামান বরেণ্যর সাক্ষাৎকার।

বাংলা ট্রিবিউন: আপনার জন্ম পাবনায়, গাইবান্ধায় কীভাবে গেলেন?
আশরাফুজ্জামান বরেণ্য: আমার জন্ম পাবনা হলেও বেড়ে ওঠা গাইবান্ধায়। আমার বাবার বাড়ি লালমনিরহাট, মায়ের বাড়ি পাবনা। নানা মারা যাওয়ার পর পরিবারের সঙ্গে গাইবান্ধায় চলে যাই।

বাংলা ট্রিবিউন: বাবা ফুটবলার, সেক্ষেত্রে আপনার তো ফুটবলারই হওয়ার কথা ছিল?
বরেণ্য: ছোটবেলা থেকেই ক্রিকেট খেলা দেখি। ক্রিকেট দেখতে দেখতেই ক্রিকেটের প্রতি ভালো লাগা তৈরি হয়। ক্রিকেটের এতই ভক্ত ছিলাম যে, বাবা আমাকে চার বছর বয়স থেকেই মাঠে নিয়ে যেতেন। তখন তিনি টেনিস বল দিয়ে বোলিং করতেন আর আমি ব্যাটিং করতাম। 

বাংলা ট্রিবিউন: ফুটবলার হওয়ার জন্য আপনার ওপর কোনও চাপ ছিল না?
বরেণ্য: আমার বাবা গাইবান্ধা জেলায় ফুটবল খেলতেন। বিভিন্ন জায়গায় খ্যাপে খেলতে যেতেন। বাবা নিজে ফুটবলার হলেও আমাকে সবসময় ক্রিকেটারই বানাতে চেয়েছেন। সত্যি বলতে, ক্রিকেটের প্রতি আমার আগ্রহ দেখেই বাবা আমাকে এই সুযোগ দিয়েছেন। ছোট থেকে মাঠে যেতে যেতে আর খেলতে-খেলতে ক্রিকেটের প্রতি আবেগ জন্মায়। বাবাও আমার ইচ্ছাকে গুরুত্ব দিয়েছেন। বাবা দারুণ ফুটবল খেললেও আমি কখনোই ফুটবল খেলিনি।

বাংলা ট্রিবিউন: বাবা আপনাকে কীভাবে অনুপ্রাণিত করেণ?
বরেণ্য: বাবা আমাকে সবক্ষেত্রেই অনুপ্রাণিত করেন। মানসিকতা, দক্ষতা, খাদ্যাভাসসহ সবকিছুতেই তিনি আমাকে ভালো দিকগুলো বুঝিয়ে বলেন। বাবা আমাকে যেভাবে সমর্থন দেন, সেটা আসলে বলে বোঝানো যাবে না। বাবা সবসময় আমাকে কিছু নিয়ম-শৃঙ্খলার মধ্যে রাখেন। তিনি নিজেও একজন ক্রীড়াবিদ ছিলেন, সেজন্য তার ভালোই জানা আছে কীভাবে খেলোয়াড়দের সবকিছু রক্ষণাবেক্ষণ করতে হয়। বিকেএসপি থেকে যখন ছুটিতে বাসায় যাই, বাবা আমাকে সব নিয়ম মেনে চলতে বাধ্য করেন। যেমন ভোরে উঠতে হবে, রানিংয়ে যেতে হবে; এসব আর কী!

আশরাফুজ্জামান বরেণ্য (ছবি: সাজ্জাদ হোসেন)

বাংলা ট্রিবিউন: কবে থেকে ক্রিকেট বলে পথচলা শুরু হলো?
বরেণ্য: ঠিক আমার বয়স যখন ছয় বছর, তখন থেকেই ক্রিকেট বলে খেলা শুরু করি। যে মাঠে বাবা আমাকে ছোটবেলায় নিয়ে যেতেন, সেই মাঠেই জেলা কোচ বাবলু স্যারের তত্ত্বাবধানে আমার ক্রিকেট দীক্ষা শুরু হয়। একদিন বাবলু স্যার আমার বাবাকে ডেকে বলেন, ‘আপনার ছেলের তো ক্রিকেট নিয়ে অনেক আগ্রহ, তাকে ক্রিকেটে ভর্তি করিয়ে দেন।’ স্যারের কথা শুনেই বাবা আমাকে গাইবান্ধা ক্রিকেট কোচিং সেন্টারে ভর্তি করে দেন। ধীরে ধীরে সেখানেই বেড়ে ওঠা, ওখানেই ক্রিকেট নিয়ে এগিয়ে যাওয়া। ২০১৮ সালে সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালে বিকেএসপিতে পরীক্ষা দেই। আলহামদুলিল্লাহ বিকেএসপিতে প্রথমবারেই সুযোগ পেয়ে যাই। সেখানে মন্টু স্যার, লিটন স্যার ও ইমরুল স্যারদের তত্ত্বাবধানে অনুশীলন করে অনূর্ধ্ব-১৫’তে সুযোগ পাই। এভাবে বয়সভিত্তিক পর্যায়গুলো পেরিয়ে এসেছি। একবার স্কুল ক্রিকেটও খেলেছি, তাও একটি ম্যাচ। ইসলামী স্কুলের হয়ে করেছিলাম ৮৮ রান।

বাংলা ট্রিবিউন: গাইবান্ধার জেলা কোচ বাবলু খান আপনাকে নিয়ে অনেক পরিশ্রম করেছেন শুনেছি।
বরেণ্য: সত্যিই স্যার আমাদের জন্য অনেক কষ্ট করেন। তার কাছে কোচিং করে ফারজানা হক পিংকি এখন জাতীয় দল মাতাচ্ছেন। এছাড়া আমরা অনূর্ধ্ব-১৯ দলে দুই জন আছি। আমি ও শিহাব জেমস। স্যার আমাদের নিয়ে অনেক খাটাখাটি করেন। একাডেমিতে গেলে আমাদের অনেক সুযোগ-সুবিধা করে দেন। আমাদের যেন কোনও অসুবিধা না হয়, সেদিকে ঠিকঠাক নজর রাখেন।

বাংলা ট্রিবিউন: শুধু বোলার কিংবা শুধু ব্যাটার তো হতে পারতেন, উইকেট রক্ষক-ব্যাটার হওয়ার কারণ কী?
বরেণ্য: আমি কিন্তু শুরুতে অফ-স্পিনিং অলরাউন্ডার ছিলাম। বোলিংটা একেবারে খারাপ করতাম না। একদিন একটি ম্যাচে নিয়মিত কিপার ছিল না। আমার কোচ হুট করে বলেন, ‘তুমি আজ কিপিং করো।’ সেই ম্যাচে কিপিংয়েও ভালো করেছি। তারপর থেকে কোচ বললেন, ‘তুমি এখন থেকে কিপিং করবে। নিয়মিত অনুশীলন করবে। এখন থেকে তুমি উইকেট রক্ষক-ব্যাটার।’ তারপর থেকেই চলছে আর কী!

বাংলা ট্রিবিউন: উইকেট রক্ষক-ব্যাটার হিসেব কাকে অনুসরণ করেন?
বরেণ্য: আমার পছন্দের ক্রিকেটার জনি বেয়ারস্টো। তার উইকেট কিপিংয়ের সঙ্গে আমার উইকেট কিপিংয়ের দারুণ মিল আছে। তার ব্যাটিংও উপভোগ করি।

বাংলা ট্রিবিউন: স্কোয়াডে থাকলেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না, নিজেকে কীভাবে প্রস্তুত রাখছেন?
বরেণ্য: যেকোনও সময় কোচেরা আমাকে নিয়ে পরিকল্পনা করতে পারেন। যখনই সুযোগ পাই, সেটা যেন কাজে লাগাতে পারি সেই চেষ্টা করবো। এজন্য সবসময় তৈরি থাকছি। ওয়াসিম স্যার আমাকে নিয়ে কাজ করছেন সবসময়। আমি সব পরিস্থিতির জন্য তৈরি আছি। যখনই সুযোগ পাবো, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।

বাংলা ট্রিবিউন: দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সম্ভাবনা কতখানি দেখেন? 
বরেণ্য: অবশ্যই আমরা আত্মবিশ্বাসী। এশিয়া কাপে আমরা ভালো ক্রিকেট খেলে চ্যাম্পিয়ন হয়েছি। এশিয়ার সেরা তিন দলকে পেছনে ফেলে শিরোপা জয় কিন্তু সহজ ব্যাপার নয়। আরব আমিরাতের কন্ডিশনও কিন্তু সহজ ছিল না। সবকিছু মিলিয়ে আমার খুব আত্মবিশ্বাসী। মানসিকভাবে আমরা দারুণ অবস্থানে আছি। আমাদের মধ্যে জয়ের ইচ্ছা ও আকাঙ্ক্ষা আছে। বিশ্বকাপ জয়ের ব্যাপারে আমরা সবাই আত্মবিশ্বাসী।

আশরাফুজ্জামান বরেণ্য (ছবি: সাজ্জাদ হোসেন)

একনজরে
পুরো নাম: মো. আশরাফুজ্জামান
ডাক নাম: বরেণ্য 
জন্ম: ৪ ডিসেম্বর, ২০০৭
জন্মস্থান: পাবনা
বাবা: মো. আসাদুজ্জামান আসাদ 
মা: রেহানা পারভীন 
উচ্চতা: ৫ ফুট সাড়ে ১০ ইঞ্চি
পড়াশোনা: এইচএসসি দ্বিতীয় বর্ষ
প্রথম ক্লাব: গাইবান্ধা ক্রিকেট কোচিং সেন্টার
বর্তমান ক্লাব: বিকেএসপি
প্রথম কোচ: মোহাম্মদ বাবলু খান
বোলিং স্টাইল: ডানহাতি 
প্রিয় শট: সুইপ
প্রিয় মানুষ: বাবা 
প্রিয় ক্রিকেটার: জনি বেয়ারস্টো
ক্যারিয়ারের সেরা মুহূর্ত: ২০২৩ সালে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ফায়ার ফাইটার্সের বিপক্ষে ১৪১ রানের ইনিংস

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের