জশ হ্যাজলউডের ক্যারিয়ার সেরা ম্যাচ ফিগারে অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজ পাত্তাই পেলো না। কোনও উইকেট না হারিয়ে তৃতীয় দিন সকালের সেশনেই জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
৭৩ রানে ৬ উইকেট হারিয়ে শুক্রবারের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আর ৪৭ রানে বাকি উইকেট হারায় তারা। জশুয়া ডা সিলভা ও আলজারি জোসেফকে মাঠছাড়া করেন মিচেল স্টার্ক। গুডাকেশ মোটিকে ফিরিয়ে ক্যারিয়ারে ১১তম ফাইফার অর্জন করেন হ্যাজেলউড।
শামারা ব্রুকস ও কেমার রোচের জুটিতে লিড নেয় উইন্ডিজ। তাদের ২৬ রানের জুটি ভেঙে দেন নাথান লিয়ন। দ্বিতীয় ইনিংসে ১২০ রানে অলআউট হয় সফরকারীরা।
হ্যাজেলউড ১৪ ওভার বল করে ৬ মেডেন ও ৩৫ রান খরচায় ৫ উইকেট নেন। ৭৯ রান দিয়ে ম্যাচে ৯ উইকেট নিয়েছেন এই পেসার।
মাত্র ২৬ রানের লক্ষ্যে নেমে ৬.৪ ওভারে জিতে যায় অস্ট্রেলিয়া। স্মিথের সঙ্গে ২৫ রানের জুটি গড়ে রিটায়ার্ড হার্ট হন উসমান খাজা (৯)। স্মিথ ১১ ও লাবুশেন ১ রানে অপরাজিত ছিলেন।
দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো অস্ট্রেলিয়া।








