ভাষার মাস ফেব্রুয়ারি মাসে সবুজ রঙের বিশেষ জার্সি পরে খেলবে সিলেট স্ট্রাইকার্স। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে ২০টি বিশেষ মোটিফ দিয়ে তৈরি নতুন এই জার্সি প্রকাশ করেছে তারা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা ২টায় দুর্দান্ত ঢাকার বিপক্ষে সবুজে মোড়ানো বিশেষ এই জার্সি পরে মাঠে নামবে সিলেট। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাষা সৈনিক প্রফেসর আব্দুল আজিজের বাসায় বিশেষ এই জার্সি উন্মোচন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
নতুন এই জার্সিতে সিলেট বিভাগের ইতিহাস-ঐতিহ্যের মিশেলে বানানো হয়েছে সবুজ রঙের জার্সি। যেখানে ফুটিয়ে তোলা হয়েছে সিলেটের বিখ্যাত আলী আমজাদের ঘড়ির চিত্র। ১৮৭৪ সাল থেকে এখনও কিনব্রিজ পার হয়ে শহরের উত্তর অংশের ঠিক প্রবেশমুখে দাঁড়িয়ে আছে ঘড়িটি। জার্সিতে আরও আছে সিলেটের আদি নাগরি ভাষার ব্যবহার। এছাড়া শহরটির বিভিন্ন স্থাপনাও ঠাঁই পেয়েছে নতুন এই জার্সিতে।
তবে সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এই জার্সিতে সম্মান জানানো হয়েছে ভাষা শহীদদের। ভাষার দাবিতে ১৯৫২ সালে জীবন দেওয়া শহীদদের স্মরণে ২১ ফেব্রুয়ারিকে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। তাদের সম্মানার্থে সিলেটের জার্সির পেছনে বাংলা অক্ষরে লেখা থাকবে ক্রিকেটারদের নাম ও জার্সি নম্বর। সিলেট পর্বের শেষ দুটি ম্যাচেই এই জার্সি পড়ে খেলবেন মিঠুন-শান্তরা।
এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে কোনোটাই জেতেনি সিলেট। শুক্রবার দুপুরে নিজেদের ষষ্ঠ ম্যাচে ভাগ্য বদলানোর মিশনে নামবে। নতুন জার্সি পরে ভাগ্য বদলাবে কি সিলেটের? যদিও বাকি ম্যাচগুলোতে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে পাওয়া যাবে না। রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি বিপিএলের বাকি অংশ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।









