শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট খেলতে নেমেছে শ্রীলঙ্কা। যদিও সেটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। অনভিজ্ঞদের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনেই নিয়ন্ত্রণ নিয়েছে স্বাগতিক দল। সফরকারী আফগানদের প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে দিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে খেলছেন লঙ্কান দুই ওপেনার। ওপেনার দিমুথ করুনারত্নে ও নিশান মাদুশকা ওপেনিং জুটিতে দ্রুত ৮০ রান যোগ করে প্রথম দিনের খেলা শেষ করেছেন। তারা পিছিয়ে আছে আর ১১৮ রানে।
নতুন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা যে দায়িত্ব নিয়েই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলার মন্ত্র ছড়িয়ে দিয়েছেন, তার প্রমাণ মিললো প্রথম দিন। দুই ওপেনার মিলে ৫.৭১ রান রেটে রান তুলেছেন।
কলম্বোয় শুরুতে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কান দল। তার পর চা পানের বিরতির পর পরই আফগানদের ১৯৮ রানে থামিয়েছে তারা। পেসার বিশ্ব ফার্নান্ডো বল হাতে ৪ উইকেট নিয়েছেন। তিনটি করে নিয়েছেন স্পিনার প্রবাধ জয়াসুরিয়া ও মিডিয়াম পেসার আসিথ ফার্নান্ডো।
অথচ শুরুটা সম্ভাবনাময় ছিল আফগানদের। ১ রানে ইব্রাহিমের বিদায়ে ওপেনিং জুটি ভাঙলেও তার পর ধাক্কা সামাল দিতে থাকেন রহমত শাহ ও ৩৫ বছরে অভিষিক্ত নূর আলী জাদরান। ৫৭ রানের দ্বিতীয় উইকেট জুটিটি ভাঙেন বিশ্ব। ফিরতি ক্যাচ নিয়ে ফেরান নূরকে আলীকে।
৫৭ রানে দুই উইকেট পতনের পর মোমেন্টাম ফেরানোর চেষ্টা করছিলেন রহমত শাহ। ১০৯ রান পর্যন্ত ছিল দুই উইকেট। লাঞ্চ বিরতির পরই লঙ্কান বোলাররা প্রতিরোধ দুর্বল করে ছাড়ে। শেষের ৬ উইকেট পড়েছে ৪৩ রানে। তিন ডেলিভারিতে শেষ দুটি উইকেট নিয়েছেন আসিথা।
একমাত্র আফগানদের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার রহমত শাহ আগ্রাসী ব্যাটিংয়ে লড়াই করেছেন। সর্বোচ্চ ৯১ রান করেছেন তিনি। তাতে ছিল ১৩টি বাউন্ডারি। জয়সুরিয়ার বলে তাকে দর্শনীয় ক্যাচে তালুবন্দি করেন সাদিরা সামারাবিক্রমা।
জবাবে ১৪ ওভারে ৮০ রান তুলেছেন লঙ্কান দুই ওপেনার। নিশান মাদুশকা ৩৬ রানে ব্যাট করছেন। দিমুথ করুনারত্নে ক্রিজে আছেন ৪২ রানে।








