কলম্বোতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট পরীক্ষায় বেশ ভালো করছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় দিনের খেলা শেষে তাদের লিড ২১২ রানের। যাতে সবচেয়ে বড় অবদান রেখেছে দিনেশ চান্ডিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুজের সেঞ্চুরি। যদিও দুজনের আউট শেষ বিকালে লঙ্কান ড্রেসিংরুমে হতাশা ছড়িয়েছে।
৬ উইকেটে ৪১০ রান করেছে শ্রীলঙ্কা। দিন শুরু হয়েছিল কোনও উইকেট না হারিয়ে ৮০ রানে। ৯৩ রানে ভেঙে যায় উদ্বোধনী জুটি। নিশান মাদুশাঙ্কা ৩৭ রানে নাভিদ জাদরানের শিকার হন। তারপর দেড়শ না হতে আরও দুটি উইকেট পড়ে শ্রীলঙ্কার।
কুশল মেন্ডিস (১০) নিজাত মাসুদের শিকার হন। দলীয় ১৪৮ রানে করুণারত্নে থেমে যান। কাইস আহমেদ তাকে ৭৭ রানে প্যাভিলিয়নে পাঠান। ৭২ বলের ইনিংসে ছিল ১২ চার।
এরপর চান্ডিমাল ও ম্যাথুজের শক্ত জুটি। কলম্বোর পিচে চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটি গড়েন তারা। দুজনেই দেখা পান সেঞ্চুরি।
শেষ সেশনে খুব দ্রুত তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। ২৩২ রানে বিচ্ছিন্ন হয় চান্ডিমাল ও ম্যাথুজের জুটি।
দুই বলে দুটি উইকেট হারায় স্বাগতিকরা। ১৮১ বলে ১০ চার ও ১ ছয়ে ১০৭ রান করে আউট হন চান্ডিমাল। পরের বলে ম্যাথুজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী সরাসরি থ্রোতে স্ট্রাইক প্রান্তে তাকে রান আউট করেন।
দেড়শর হাতছানি নিয়ে আগাতে থাকা ম্যাথুজ বিস্ময়করভাবে ফিরে যান প্যাভিলিয়নে। কাইসের বলে হিট উইকেট হজন তিনি। তার আগে ২৫৯ বলে ১৪ চার ও ৩ ছয়ে ১৪১ রান করেন ম্যাথুজ। তার আউটের পর দিনের শেষ ঘোষণা হয়। ২১ রানে অপরাজিত ছিলেন সাদিরা সামারাবিক্রমা।








