জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আজ (শুক্রবার) মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
একটা সময় বাংলাদেশ ও জিম্বাবুয়ে ম্যাচ মানে ছিল বাড়তি উত্তেজনা। সেই অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। সময়ের স্রোতে জিম্বাবুয়ে আগের জৌলুস হারিয়েছে। দলটি টানা তিনবারের মতো আইসিসি ইভেন্ট মিস করছে এই পারফরম্যান্সের কারণেই। সবমিলিয়ে আগের সেই উত্তেজনা না থাকলেও দুই দলের লড়াইয়ে কিছুটা রোমাঞ্চ থাকেই। শুক্রবার থেকে আগামী কয়েকটা দিন দুই দলের সেই লড়াই ঝাঁজ উপভোগ করার সুযোগ ক্রিকেটপ্রেমীদের।
কাগজে-কলমে জিম্বাবুয়ে কঠিন কোন প্রতিপক্ষ নয়। পরিসংখ্যানও সেটাই বলে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। তার মধ্যে বাংলাদেশ ১৩টি ও জিম্বাবুয়ে ৭টিতে জিতেছে। সর্বশেষ ২০২২ সালে ৩০ অক্টোবর ব্রিসবেনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও জিম্বাবুয়েকে ৩ রানে হারায় তারা। তবে জিম্বাবুয়ের জন্য অনুপ্রেরণা হতে পারে সর্বশেষ সিরিজ। বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজে শেষ হাসি হেসেছে সিকান্দার রাজার দল। ২০২২ সালে ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতেছিল তারা।
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও মনে করেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতা সহজ হবে না, ‘টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। আপনি যেটা বললেন, জিম্বাবুয়ে উগান্ডার কাছে হেরে গেছে। এই জিম্বাবুয়ে কিন্তু কিছুদিন আগে শ্রীলঙ্কাকেও হারিয়েছে। ওইরকম চিন্তা করলে খুব বেশি পার্থক্য মনে হয় না। এখানে ম্যাচটা কীভাবে খেলছি, কীভাবে প্রস্তুত হচ্ছি, নিজেদের আত্মবিশ্বাস কীভাবে গড়ে তুলছি…। এতটুকু বলতে পারি, সিরিজটা এত সহজ হবে না। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবে। কারণ তারাও অনেক ভালো দল। ’
টি-টোয়ন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বেশ কয়েকটি জায়গায় পরীক্ষা করবে। যার একটি হচ্ছেন সাইফউদ্দিন। ১৮ মাস পর জাতীয় দলের ফেরা এই ক্রিকেটারকে যাচাই করতে মূল একাদশে রাখা হবে তাকে। এর বাইরে পারভেজ হোসেন ইমন ও প্রথমবার সুযোগ পাওয়া তানজিদ হাসান তামিমের অবস্থাও পর্যবেক্ষণ করবে টিম ম্যানেজমেন্ট।
অনেক পরীক্ষা-নিরীক্ষার বিষয় থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে জয় হাতছাড়া করতে চায় না বাংলাদেশ। শান্ত জানিয়েছেন, ‘প্রথমত অধিনায়ক হিসেবে এই সিরিজটা জিততে চাই। এটাই প্রথম লক্ষ্য। আর বিশ্বকাপের প্রস্তুতি তো অবশ্যই, ওটা আমাদের মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে দেখবো কিংবা অনেক পরীক্ষা-নিরীক্ষা করবো তাও না। পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হবে না এ কারণে যে ১৫ টা প্লেয়ার এখানে আছে, সবাই সমর্থ্য জিম্বাবুয়েকে হারানোর জন্য। আমরা ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে চাই।’
এদিকে, জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দারা রাজাও আশা করছেন জমজমাট হবে দুই দলের লড়াই, ‘বাংলাদেশ-জিম্বাবুয়ের খেলা কখনই বিরক্তিকর হয় না, খুবই রোমাঞ্চকর লড়াই হয়। এবারও তেমন হবে।’
আরও একটি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে নেই জিম্বাবুয়ে। বাংলাদেশ ২০ দলের বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও জিম্বাবুয়ে বাছাইপর্ব পার করতে পারেনি। বিশ্বকাপের আগে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের জন্য অনেকটাই প্রস্তুতির মঞ্চ। এখান দেখার অপেক্ষা বাংলাদেশ বড় মঞ্চে যাওয়ার আগে নিজেদের কতটা গুছিয়ে নিতে পারে।









