দুই ম্যাচ আগেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। শেষ দুই রাউন্ডের ম্যাচ সেই অর্থে খুব গুরুত্বপূর্ণ নয়। তবে রানার্সআপ হিসেবে কে থাকছে; তা শেষ দুই ম্যাচ থেকেই নির্ধারিত হবে। শুক্রবার সুপার লিগের চতুর্থ রাউন্ডে তিনটি মাঠে মুখোমুখি হয়েছে ছয়টি দল। তিনটি মাঠে তিন ক্রিকেটার পেয়েছেন সেঞ্চুরির দেখা।
সাকিব আল হাসান খেলছেন বিকেএসপির তিন নম্বর মাঠে শেখ জামালের জার্সিতে। পাশের মাঠেই প্রাইম ব্যাংকের হয়ে খেলেছেন জাকির হাসান। অন্যদিকে আবহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন খেলছেন ফতুল্লাতে। তিন ক্রিকেটার তিন মাঠে খেললেও শুক্রবার তিনজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডানের মুখোমুখি হয়েছে আবাহনী। ৪৪.৪ ওভারেই অলআউট হয়ে গেছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। তার পরেও চ্যাম্পিয়ন হওয়া দলটি ৩০৩ রান করেছে। দলের স্কোরকে তিনশ পেরিয়ে যেতে ভূমিকা রাখেন অধিনায়ক মোসাদ্দেক। ১০১ বলে খেলেছেন ১৩৩ রানের ইনিংস। তাতে ছিল ৮ চার ও ১০ ছক্কার মার। ১৩১.৬৮ ছিল স্ট্রাইক রেট। সবমিলিয়ে মোহামেডানের বোলারদের ওপর এদিন তাণ্ডব চালিয়েছেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে ফিরে সুপার লিগে শেখ জামালের হয়ে খেলছেন সাকিব। প্রথম ম্যাচে শুরুটা ভালো করেও ইনিংসটাকে বড় করতে পারেননি। তবে শুক্রবার বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। সাকিবের সেঞ্চুরিতে ২৮০ রান সংগ্রহ করে শেখ জামাল। দলটির পক্ষে সর্বোচ্চ ১০৭ রান করেন সাকিব আল হাসান। ৭৯ বলে ৯ চার ও ৭ ছক্কায় বাহাতি এই ব্যাটার নিজের ইনিংসটি সাজান। শুক্রবারের এই সেঞ্চুরিতে দীর্ঘ সময়ের খরাও কেটেছে তার। যে কোনও ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ৪ বছর ১০ মাস আগে। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটা পেয়েছিলেন। মাঝের খরা শেষে আবারও তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন তিনি। শুধু তাই নয়, প্রিমিয়ার লিগে সাকিবের এটা প্রথম সেঞ্চুরি।
পাশে থাকা বিকেএসপির চার নম্বর মাঠে সবচেয়ে আগ্রাসী ব্যাটিং করেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ব্যাটার জাকির হাসান। ১২ ছক্কা আর ৮ চারে ১৩২ বলে ১৫৮ রানের ইনিংস খেলেছেন উইকেট কিপার এই ব্যাটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন জাকির। ১৬ ছক্কায় শীর্ষস্থানে আছেন সৌম্য সরকার।









