আইপিএল আচরণবিধি লংঘনের দায়ে এক ম্যাচ নিষিদ্ধ হলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক রিশাভ পান্ত। গত ৭ মে দিল্লিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে স্বাগতিকদের স্লো ওভার রেটের কারণে এই শাস্তি পেলেন তিনি। আগামী রবিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই উইকেটকিপার ব্যাটার খেলতে পারবেন না।
শাস্তির সঙ্গে ৫০ লাখ ভারতীয় রুপিও জরিমানা করা হয়েছে পান্তকে। ওই ম্যাচের একাদশে থাকা খেলোয়াড়সহ ইম্প্যাক্ট প্লেয়ারকেও আলাদা করে ১২ লাখ রুপি কিংবা ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে, যা কিছুটা কম।
এই আইপিএলে তৃতীয়বার ওভার রেট লংঘন করেছেন পান্ত। বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানায়, আইপিএল আচরণবিধির অনুচ্ছেদ ৮ অনুযায়ী ম্যাচ রেফারির এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে দিল্লি।
প্রত্যেক দলকে ইনিংসের ২০ ওভার শেষ করতে হবে ৮৫ মিনিটের মধ্যে। কিন্তু রাজস্থানের বিপক্ষে দিল্লির ২০ ওভার করতে লেগেছিল ১১৭.৮২ মিনিট, যা আচরণবিধির ন্যুনতম ওভার রেট লংঘন।
প্লে অফের লড়াইয়ে থাকা আট দলের একটি দিল্লি। বাকি ম্যাচগুলো তো জিততেই হবে, অন্যদের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা এবং নেট রান রেট মাইনাস ০.৩১৬।









