‘ওভারপারফর্ম করে হারাতে হবে দক্ষিণ আফ্রিকাকে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৪, ২০:৪৭আপডেট : ১৪ মে ২০২৪, ২০:৪৭

বিশ্বকাপ যে ফরম্যাটেরই হোক না কেন, তাকে ঘিরে বাংলাদেশের সমর্থকদের প্রত্যাশার পারদ থাকে উঁচুতে। কিন্তু সেই প্রত্যাশা আর প্রাপ্তির যোগফল মেলাতে পারেন না বাংলাদেশের ক্রিকেটাররা। প্রায় প্রতি বিশ্বকাপেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আরও একটি বিশ্বকাপ যখন সামনে, তখন ফের আলোচনায় বাংলাদেশের সম্ভাবনা নিয়ে। যদিও দলের অধিনায়ক গত মাসে গণমাধ্যমকে বলেছিলেন বিশ্বকাপে দলকে নিয়ে প্রত্যাশা না করতে, ‘প্রত্যাশা খুব একটা করার দরকার নেই।’

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে প্রত্যাশার শেষ ছিল না। অনেক সাবেক ক্রিকেটারই আশার কথা জানাতে গিয়ে বলেন, প্রিয় দলের পথচলাটা দারুণ হবে। কেউ কেউ বাংলাদেশকে সেমিফাইনালেও দেখেছেন। যদিও দেখতে হয়েছে ভিন্ন বাস্তবতা। ব্যর্থতার বৃত্তে আটকে যাওয়া বাংলাদেশ ৯ ম্যাচে মাত্র ২টি জেতে। 

সর্বশেষ অভিজ্ঞতাই যেন শান্তকে অতি সাবধানী করে তুলেছে। বিশ্বকাপের আগে দর্শকদেরও প্রত্যাশায় লাগাম টানতে বলেছেন তিনি। তিন ফরম্যাটেই বাংলাদেশের নেতৃত্বে থাকা বাঁহাতি এই ব্যাটার মঙ্গলবার ঢাকায় একটি অনুষ্ঠানে বলেন, 'প্রতি বছরই আমি দেখি, বিশ্বকাপের আগে এসব নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশা... এটা করবো, সেটা করবো। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের (দর্শক) কাছে, প্রত্যাশা করার খুব একটা দরকার নেই।'

শান্তর বক্তব্যের সূত্র ধরেই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কাছে জানতে চাওয়া হয়েছিল, বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্যটা আসলে কী? উত্তরে তিনি বলেছেন, ‘দেশের ক্রিকেটের বিশাল উন্মাদনা আছে। সবসময় দেখেছি, যখনই খেলা হয় তখন গ্যালারি ভর্তি থাকে। এখন তা আরও বেড়েছে। এটা অধিনায়ক বুঝতে পেরেছে। সে একটা বার্তা দিতে চেয়েছে যে টি-টোয়েন্টিতে আমরা এখনই ওই পর্যায়ে চলে যাইনি যে ফাইনালে খেলার মতো। সে বাস্তব শক্তির আলোকে বোঝাতে চেয়েছে যে, টুর্নামেন্টে ধাপে ধাপে বাংলাদেশ এগোতে চায়।’

যদিও পরে আরেক প্রশ্নের উত্তরে লিপু বলেছেন ধাপে ধাপে এগিয়ে যাওয়ার লক্ষ্য তাদের, ‘প্রাথমিক পর্বের প্রত্যাশা যতটা বেশি সুযোগ আছে। আমি বলবো দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে বসে থাকবো, এটা না। বাস্তবতা হলো প্রথম ম্যাচে (শ্রীলঙ্কার বিপক্ষে) দুটো দলই বিশ্বাস করে একে অপরকে হারাতে পারে। এটা খুব চাপের ম্যাচ হবে। সেটা জিতলে পরের তিন ম্যাচের দুটো জেতার খুব সম্ভাবনা দেখছি। দক্ষিণ আফ্রিকাকে যে হারানো যাবে না এটা না। অবশ্যই আমাদের সঙ্গে ওদের ব্যবধান আছে। হয় তাদেরকে বিলো পারফর্ম বা আমাদের ওভারপারফর্ম করে ওদের হারাতে হবে।’ 

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় নির্বাচকদের ভাবনা নিয়ে আরেক নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন, ‘তিন জন ওপেনার, মিডলঅর্ডারে উইকেট কিপার ব্যাটার, তিন জন পেসার, তিন জন স্পিনার এবং চতুর্থ স্পিনার নিয়ে আমাদের চিন্তা করতে হয়েছে। সেখানেই আমরা বিভিন্ন প্রতিপক্ষ ও কন্ডিশনের সঙ্গে কীভাবে খেলবো, সেটা নিয়ে ভাবতে হয়েছে। আমরা যে মাঠে খেলবো, সেখানে ইনিংসের পরের দিকে স্পিনারদের ভূমিকা রাখতে হবে। সেই পরিকল্পনা থেকে আমরা যথেষ্ট বিকল্প রাখতে চেয়েছি। ভালো করার দিক থেকে অভিজ্ঞ স্পিনার আছে কিনা সেটা দেখতে গিয়েই আসলে তানভীর চলে এসেছে।’

স্কোয়াডে সাকিব আল হাসান আছেন বাঁহাতি স্পিনার। এছাড়া ঘরোয়া ক্রিকেট লম্বা সময় ধরে পারফরম্যান্স করা তানভীর ইসলামকেও রাখা হয়েছে স্কোয়াডে। তানভীরের অন্তর্ভুক্তি নিয়ে রাজ্জাক বলেছেন, ‘উইন্ডিজে স্বাভাবিকভাবে স্পিনাররা একটু বেশি সুবিধা পায়। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ। খুব স্বাভাবিকভাবে দেখবো উইকেটের ব্যাপারটা। তাই খুব যে বেশি সুবিধা পাবে তা না। তবুও আবাহাওয়ার কারণে স্পিনাররা একটু সুবিধা যাবে। সে দিকটা ভেবেই তানভীরকে রাখা।’

বিশেষজ্ঞ তিন পেসার ছাড়াও পেস বোলিং অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে আছেন সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশনে সৌম্য দারুণ ভূমিকা রাখতে পারবেন বলেই বিশ্বাস রাজ্জাকের, ‘সৌম্যর ব্যাপারটা হল টি-টোয়েন্টিতে যতবেশি অলরাউন্ডার থাকবে, ততই অধিনায়কের জন্য সুবিধা হবে। সে দুই থেকে তিন ওভার বল করতে পারে কিংবা এমনও হতে পারে চার ওভারও করতে হতে পারে।’

আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১০ জুন তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ১৩ জুন এবং নেপালের বিপক্ষে ১৭ জুন গ্রুপের ম্যাচে লড়বে শান্তরা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম