গত বছরের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয় পিচ কিউরেটর টনি হেমিংকে। কিন্তু এক বছরের মাথায় বাংলাদেশকে বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ার এই কিউরেটর। হেমিংয়ের চলে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে বিসিবি।
কিউরেটর হিসেবে বেশ অভিজ্ঞ হেমিং। আইসিসি ক্রিকেট একাডেমির প্রধান কিউরেটর ছিলেন তিনি। দুবাই ক্রিকেট একাডেমিরও প্রধান কিউরেটরের দায়িত্ব পালন করেছিলেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) কিউরেটর হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী হেমিংকে ধন্যবাদ জানিয়ে বললেন, ‘টনি হেমিং বিসিবির জন্য অমূল্য সম্পদ ছিলেন, তার বিস্তৃত জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে আমাদের ক্রিকেট অবকাঠামো উন্নত করতে সহায়তা করেছেন। তার পরিশ্রমী মনোভাব এবং নিবেদন বাংলাদেশের মাঠ প্রস্তুতির মান উন্নত করেছে, সেখানে একটি স্থায়ী প্রভাব ফেলেছে।’









