ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দিতে এবার নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন ওপেনার ডেভন কনওয়ে। লক্ষ্য আগামী জানুয়ারিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টিতে অংশ নেওয়া।
জোহানেসবার্গে জন্ম নেওয়া কনওয়ে কিউইদের হয়ে এখন পর্যন্ত ২০টি টেস্ট, ৩২টি ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন। কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় শুধু আগামী জানুয়ারির শ্রীলঙ্কা সিরিজ ছাড়া কিউইদের হয়ে ৯টি টেস্ট ও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ। নিউজিল্যান্ড ক্রিকেট এমনটাই জানিয়েছে।
৩৩ বছর বয়সী এই ব্যাটার বলেছেন, ‘বিষয়টা এমন নয় যে কেন্দ্রীয় চুক্তিকে আমি হালকাভাবে নিয়েছি। কিন্তু আমার বিশ্বাস ঠিক এই মুহূর্তে এটাই ভালো আমার এবং পরিবারের জন্য।’
মূলত সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনের পদাঙ্কই অনুসরণ করেছেন কনওয়ে। উইলিয়ামসন নিজেও এসএ-টোয়েন্টিতে অংশ নিবে। একইভাবে কেন্দ্রীয় চুক্তি বাদ দিয়ে নৈমিত্তিক চুক্তি গ্রহণ করেছেন। যে চুক্তির আওতায় জাতীয় দলের ক্ষেত্রে খেলার জন্য বাধ্যবাধকতা থাকে না।
একই পথে হেঁটেছেন কিউই ওপেনার ফিন অ্যালেন, লকি ফার্গুসন ও অ্যাডাম মিলনেও। তারা কেন্দ্রীয় চুক্তি বাদ দিলেও ভবিষ্যতে ম্যাচ বাই ম্যাচ ভিত্তিতে খেলার জন্য নিজেদের উন্মুক্ত রাখবেন।
কনওয়ে-অ্যালেন কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় তাদের জায়গা পূরণে দুজনকে নেওয়া হবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।









