ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ টেস্টের দেড়শ বছর পূর্তি হবে ২০২৭ সালে। ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতে বিশেষ টেস্ট ম্যাচ হতে যাচ্ছে একই বছর। যেখানে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৮৭৭ সালে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ঐতিহাসিক সেই ভেন্যুতে মার্চেই হবে মাইলফলকের এই টেস্ট টেস্ট।
টাইমলেস টেস্টের সেই সময় অস্ট্রেলিয়া ৪৫ রানে জিতেছিল প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচ জিতে ১-১ সমতায় শেষ করেছিল সিরিজ।
টেস্টের একশ বছর পূর্তিতেও বিশেষ টেস্টের আয়োজন হয়েছিল ১৯৭৭ সালে। মেলবোর্নের সেই টেস্টেও অস্ট্রেলিয়া কাকতালীয়ভাবে জেতে ৪৫ রানে!
একই ঘোষণার দিনে ক্রিকেট অস্ট্রেলিয়া ও রাজ্য সরকার আবার মেলবোর্ন, সিডনি ও অ্যাডিলেড ওভালকে সাত বছরের জন্য নিয়মিত টেস্টের জন্য নির্ধারিত করে ফেলেছে। বক্সিং ডে টেস্ট হয়ে আসছে মেলবোর্নে, নিউ ইয়ার্স টেস্টের আয়োজকও সিডনি। নতুন ঘোষণায় ২০৩০-৩১ সাল পর্যন্ত ঐতিহাসিক টেস্টগুলো এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। ক্রিসমাসের আগের টেস্টের জন্য এই সাত বছর ভেন্যু হিসেবে নির্দিষ্ট থাকছে অ্যাডিলেডও।








