তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্বকাপের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তা পেলো না।তারৌবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৩ ওভারের খেলায় ৮ উইকেটে জিতেছে ক্যারিবিয়ানরা। ৩-০ তে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করেছে তারা।
বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়। দ্বিতীয় দফার বৃষ্টিতে প্রতি দলের জন্য ১৩ ওভার করে খেলা নির্ধারণ করা হয়। দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ১০৮ রান করে।
রানের চাকা ধীরে ঘুরছিল তাদের। ট্রিস্টান স্টাবস ঝড় তুললে ১০০ পার হয়। ১৫ বলে ৫ চার ও ৩ ছয়ে ৪০ রান করেন তিনি।
এই রান অবশ্য প্রোটিয়াদের জন্য যথেষ্ট হয়নি। বৃষ্টি আইনে স্বাগতিকদের লক্ষ্য হয় ১১৬ রান। নিকোলাস পুরান তাণ্ডব চালালে ২২ বল হাতে রেখে জিতে গেছে উইন্ডিজ। তার আগুন ব্যাটিংয়ে ৩.৫ ওভারে ৬০ রান তোলে তারা।
১৩ বলে ২ চার ও ৪ ছয়ে ৩৫ রানে আউট হন পুরান। তার মতো আগ্রাসী খেলে উইন্ডিজকে জেতান শাই হোপ ও শিমরন হেটমায়ার। দুজনের ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দশম ওভারে জয় দেখে স্বাগতিকরা।








