তিন ফরম্যাটের (ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট) ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত রানে সবার ওপরে আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। রবিবার ওমানের বিপক্ষে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গেছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটের প্রথম সেঞ্চুরির পাশাপাশি, এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম।
তারপরও ক্ষুধা মিটছে না তামিমের। নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে চান তিনি। রবিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা ভালো লাগার মতোই বিষয়। তবে আমি এগুলো এমন পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে করে এটা সহজে কেউ ভাঙতে না পারে। যখন ভাঙবে তখন বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে যাবে।'
গত কিছুদিন ধরেই তামিম ও সাকিব এক হাজার রানেই মাইলফলকের সামনে দাঁড়িয়ে। কিন্তু শেষ অবধি ওমানের বিপক্ষে মাইলফলকে পৌঁছালেন তামিম। তিনি বলেন, ‘আমার জন্য এটা অবশ্যই গর্বের। হয়ত একটু আগে করলে আরও বেশি ভালো লাগতো। সাকিবের সঙ্গে একটা রেস চলছিলো। হয়তো ভাগ্য সহায় হওয়ার কারণেই আমি আগে করতে পেরেছি।’
/আরআই/এমআর/








