আইপিএলে বিদেশি খেলোয়াড় ধরে রাখতে ভীষণ কড়াকড়ি আরোপ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এখন থেকে নিলামে দল পাওয়ার পর কোনও বিদেশি খেলোয়াড় নিজেদের সরিয়ে নিলে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করবে কর্তৃপক্ষ। সেটা টুর্নামেন্ট ও নিলামের জন্য প্রযোজ্য হবে।
অবশ্য নিজেদের সরিয়ে নিতে হলে এক্ষেত্রে বৈধ ও যুক্তিসঙ্গত কারণ উপস্থাপন করতে হবে। নাহলে নিষেধাজ্ঞার শাস্তি পাবেন সংশ্লিষ্ট ক্রিকেটার।
মূলত ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধের প্রেক্ষিতেই এমন নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিলামে একবার দল পাওয়ার পর অনেককে নিজেদের সরিয়ে নিতে দেখা যায়। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইপিএল গভর্নিং কাউন্সিলকে জুলাইয়ে অনুরোধ করেছিল দশটি ফ্র্যাঞ্চাইজি। বিশেষ করে দেরিতে এই ধরনের নাম প্রত্যাহার ভীষণ বিপদে ফেলে দলগুলোকে। তাই নিরুপায় হয়ে এমন পদক্ষেপ নেওয়ার পথে হেঁটেছে বিসিসিআই।
যে বৈধ বা যৌক্তিক কারণ দেখিয়ে শাস্তি এড়ানোর কথা বলা হয়েছে সেটা হচ্ছে ইনজুরি কিংবা মেডিকেল কন্ডিশন। আর সেটা হোম বোর্ডের পক্ষ থেকে সনদ আসার পরেই গ্রহণ করা হবে।
উল্লেখযোগ্যভাবে এমন ঘটনা অতীতে অনেক ঘটেছে। যেমন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে ২০১৮ আইপিএল নিলামে ৯.৪ কোটি রুপিতে কেনা হয়েছিল। কিন্তু মৌসুম শুরুর আগেই নিজেকে সরিয়ে নেন তিনি। অতি সম্প্রতি এমন ঘটনার জন্ম দিয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। দিল্লি ক্যাপিটালস তাকে ২০২৪ মৌসুমের আগে ৪ কোটি রুপিতে কিনলেও পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিয়েছেন।








