দ্য হান্ড্রেড ও আইপিএলের পর এবার আইসিসি ইভেন্টেও চালু হচ্ছে স্মার্ট রিপ্লে সিস্টেম। আম্পায়ারদের নিখুঁত সিদ্ধান্ত নিতে ১০০ বলের ক্রিকেটের পর গত আইপিএলেও এটির ব্যবহার করা হয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পর এবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে স্মার্ট রিপ্লে সিস্টেম। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি ব্যবহার করার কথা নিশ্চিত করেছে আইসিসি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ১০ দলের বিশ্বকাপে হতে যাওয়া ২৩ ম্যাচের সবকটি সম্প্রচারের জন্য ২৮টি ক্যামেরা ব্যবহার করা হবে। প্রত্যেক ম্যাচেই থাকবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।
এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘প্রতিটি ম্যাচ কভারে অন্তত ২৮টি ক্যামেরা থাকবে এবং নানা আঙ্গিকে বিশ্লেষণ ও দৃশ্যায়নের উন্নত মান থাকবে।’
‘সবগুলো ম্যাচে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) থাকবে, এর সঙ্গে হক-আই স্মার্ট রিপ্লে সিস্টেম টিভি আম্পায়ারদেরকে নিখুঁত সিদ্ধান্ত নিতে বিভিন্ন অ্যাঙ্গেলের ফুটেজ ও বিশ্লেষণ সরবারাহ করবে।’
ডিআরএসের সঙ্গে হক আই থাকায় স্মার্ট রিপ্লে সিস্টেম টিভি আম্পায়ারকে দ্রুত ও আরও বেশি নিখুঁত ফল বের করে দেবে। এই পদ্ধতির কারণে ব্রডকাস্টার ক্যামেরার বিলুপ্তি হবে, আগে যা হক আই অপারেটর ও টিভি আম্পায়ারদের মধ্যে সংযোগ স্থাপনকারী হিসেবে কাজ করতো।
ব্রডকাস্টিং ক্যামেরার পাশাপাশি মাঠে আরও ৮টি হক-আই ক্যামেরা থাকবে। তাতে করে একই রুমে বসে থাকা হক আই অপারেটরদের কাছ থেকে ইনপুট নেবেন টিভি আম্পায়াররা।
স্টাম্পিংয়ের ক্ষেত্রে স্মার্ট রিপ্লে সিস্টেমের জন্য তিনটি ভিন্ন ফ্রেমে পার্শ্ব ও সামনাসামনি রিপ্লে দেখা যাবে। যার ফলে কোন সময় স্টাম্প বেলস উপড়ে গেছে সেটা সহজেই পরিষ্কার দেখা যাবে। স্টাম্প ক্যামেরায় প্রতি সেকেন্ডে ৫০ ফ্রেমের ফুটেজ পাওয়া গেলেও হক-আইয়ের মাধ্যমে প্রতি সেকেন্ডে ৩০০ ফ্রেমের ফুটেজ পাওয়া যাবে, তাতে করে দ্রুত আম্পায়ার সিদ্ধান্ত নিতে পারবেন।









