জাতীয় ক্রিকেট লিগে সিলেটের বিপক্ষে দুই ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ঢাকা মেট্রো। প্রথম ইনিংসে ১৩০ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৪৯ রান তুলতে তারা হারিয়েছে ৪ উইকেট। তৃতীয় দিন ১৯৭ রান পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামবে মেট্রো। যা অবস্থা দাঁড়িয়েছে, তাতে করে তাদের ইনিংস ব্যবধানে হারের শঙ্কা জেগেছে। মূলত অমিত হাসানের দারুণ সেঞ্চুরিতেই সিলেট শক্ত অবস্থানে পৌঁছে গেছে।
শেখ আবু নাসের স্টেডিয়ামে আগের দিন মেট্রোকে ১৩০ রানে অলআউট করে ২ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলে দিন শেষ করেছিলো সিলেট। মুবিন আহমেদ দিশান (১৯) ও অমিত হাসান (৫১) অপরাজিত আছেন। ৭ রানে এগিয়ে থেকে রবিবার দ্বিতীয় দিন শুরু করে সিলেট। মুবিন ৪৩ রানে আউট হলেও অমিত নিজের ইনিংসটাকে সেঞ্চুরিতে রূপ দেন। খেলেন ২০৪ বলে ১০১ রানের দারুণ এক ইনিংস।
অমিতের এই সেঞ্চুরির পর আব্দুল্লাহ আল গালিবের ৫৬ এবং তোফায়েল আহমেদের অপরাজিত ৪৭ রানের ওপর দাঁড়িয়ে সিলেট ৩৭৬ রানের সংগ্রহ দাঁড়ায়। তাতে করে সিলেটের লিড দাঁড়ায় ২৪৬ রানের।
মেট্রোর বোলারদের মধ্যে আসিফ আহমেদ সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। আবু হায়দার রনি নেন তিনটি এবং ফাহিম হাসান নেন দুটি উইকেট।
২৪৬ রানে পিছিয়ে থেকে শেষ সেশনে ব্যাটিংয়ের সুযোগ পায় মেট্রো। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় ২০ ওভার ব্যাটিং করে ৪৯ রান তুলতেই তারা হারায় চারটি উইকেট। শুরুর চার ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। ১৯৭ রান পিছিয়ে থেকে সোমবার ম্যাচের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবে মেট্রো। আমিনুল ইসলাম বিপ্লব (১৩) ও মার্শাল আইয়ুব (৭) অপরাজিত আছেন।
সিলেটের খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।








