ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হোয়াটওয়াশ হতে হয়েছে বাংলাদেশ দলকে। দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয়টি জেতার পর আশা করা হচ্ছিল, নিজেদের প্রিয় ফরম্যাটে জিতবে বাংলাদেশ। কিন্তু কোনও ম্যাচ জেতা দূরে থাক, উল্টো হোয়াইটওয়াশ হতে হয়েছে দলকে। ওয়ানডে সিরিজ শেষে এবার টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল। সেন্ট ভিনসেন্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় সৌম্য সরকারের কণ্ঠে।
সেন্ট কিটসে ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ এখন অবস্থান করছে সেন্ট ভিনসেন্টে। টি-টোয়েন্টির প্রস্তুতি শুরু করে দিয়েছে লিটনের দল। টেস্ট ও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ নেতৃত্ব দিলেও বিসিবি টি-টোয়েন্টিতে আস্থা রেখেছে কিপার ব্যাটারের ওপর। বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় সেন্ট ভিনসেন্টে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। শুক্রবার ফ্লাডলাইটের আলোতে অনুশীলনের পর দলের ওপেনার সৌম্য বলেছেন, ‘ভালো কিছু করার প্রত্যয় নিয়েই মাঠে নামবো আমরা। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে (টি-টোয়েন্টি সিরিজে)। দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগই সেরা ছন্দে ফিরতে পারলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো কিছু সম্ভব।’
গ্লোবাল সুপার লিগে দারুণ ছন্দে ছিলেন সৌম্য। বাঁহাতি ব্যাটারের আত্মবিশ্বাসও তাই তুঙ্গে। ফাইনালের ম্যাচসেরা ও টুর্নামেন্ট সেরা পুরস্কার ওঠে তার হাতে। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। পাঁচ ম্যাচে করেছেন ১৮৮ রান। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান টি-টোয়েন্টি সিরিজে, ‘কিছুদিন আগে এখানকার কন্ডিশনে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ ভিন্ন। এখানে বড় বা ছোট দল বলে কিছু নেই; যারা ২০ ওভার ভালো খেলবে, তারাই জিতবে।’
ওয়ানডে সিরিজে ব্যাটাররা একটি ম্যাচ ব্যর্থ হলেও বাকি দুই ম্যাচে সফল হয়েছেন। তবে বোলাররা এই সিরিজে হতাশ করেছেন। সৌম্যরা আশা তাসকিন আহমেদ-শরিফুল ইসলামরা ফর্মে ফিরবেন পরবর্তী সিরিজে, ‘আরেকটা ব্যাপার হলো, ওয়ানডেতে আমরা ভালো খেলে আসছিলাম। কিন্তু শেষ দুই-একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যেও একটা ভালো ব্যাপার আছে, আমরা ব্যাটাররা তিনশ রান করছি, এটাও একটা ভালো দিক। আমাদের বোলাররা সবসময় ভালো করে আসছিল, এই সিরিজে হয়তো তারা একটু সংগ্রাম করেছে।’
সৌম্য আরও বলেছেন, ‘আমি আশা করি তারা সামনের টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াবে। পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করছে সবাই। যেহেতু আমরা ওয়ানডেতে ৩০০ রান করছি। এটার ধারাবাহিকতা যদি তারা বজায় রাখতে পারে তাহলে বোলার ও ব্যাটার মিলে একটা ভালো সিরিজ হবে।’








